খবর লাইভ : আজ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এস আই আর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা । সকাল থেকেই কলকাতা থেকে শুরু করে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর— সর্বত্রই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন তারা।
বিএলওরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে এনুমারেশন ফর্ম পূরণের পদ্ধতি বুঝিয়ে দিচ্ছেন। যারা ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের ক্ষেত্রে ফর্ম পূরণের ধরন একরকম, আর যাদের নাম এখনও ওঠেনি, তাদের জন্য আলাদা ফর্ম রয়েছে। নতুন ভোটারদের ক্ষেত্রে ফর্ম পূরণের পরেই নাম অন্তর্ভুক্ত হবে ভোটার তালিকায়।
এনুমারেশন ফর্ম পূরণের সময় ভোটারদের এপিক নম্বর, মোবাইল নম্বর, জন্মতারিখ, আধার নম্বর, এবং বাবা-মা বা স্বামীর নাম উল্লেখ করতে হবে।
প্রথম ধাপ:
এই অংশটি সাধারণত পূরণ করবেন BLO-রা নিজেরাই। এখানে ভোটারের নাম ও ঠিকানা, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর, QR কোড (প্রতিটি ভোটারের জন্য আলাদা), পুরনো ছবি ও নতুন ছবি দেওয়ার জায়গা।
দ্বিতীয় ধাপ:
এই অংশ ভোটারকে পূরণ করতে হবে নিজে হাতে। জন্ম তারিখ,আধার নম্বর,মোবাইল নম্বর,বাবার/মায়ের বা স্বামীর নাম,এপিক নম্বর, যদি বাবা-মা জীবিত না থাকেন, তাহলে স্বামীর নাম ও তার এপিক নম্বর দিতে হবে।
তৃতীয় ধাপ:
এটি ফর্মের শেষ অংশ। এখানে দিতে হবে—২০০২ সালের ভোটার তালিকায় থাকা কোনও আত্মীয়ের নাম ও সম্পর্ক। যদি নিজের নাম না থাকে, তাহলে সেই আত্মীয়ের বিস্তারিত তথ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর ইত্যাদি দিতে হবে।
কী করবেন ভোটাররা?
যদি কোনও ভোটারের বাড়িতে BLO না পৌঁছায়, তাহলে তিনি নিজে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও বুথ সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন।




