এই ঘটনার জেরে তৃণমূল সরকার এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। শুভেন্দুর অভিযোগ, “এটা ভাইপো গ্যাং-এর কাজ। মমতা হঠাও, কন্যা বাঁচাও। কলকাতা পুলিশ ধর্ষকদের রক্ষা করছে। ছাত্রীর পরিবারকে কোথায় রাখা হয়েছে, তা জানে না কেউ। পুলিশ কমিশনার মনোজ বর্মা কেন ছাত্রীকে লুকিয়ে রাখলেন?”
বিজেপি জানিয়েছে, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানেও আহ্বান জানান। বলেন, “আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা-বাবাকে বলব, আপনারাই ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিন। সকল সাধারণ মানুষকে বলব, এই প্রতিবাদে আপনারাও শামিল হন। আমি নিজে রাজনীতি সরিয়ে রেখে উপস্থিত থাকব।”
এদিকে, কসবা থানার সামনে রবিবার বিক্ষোভ দেখায় ‘নারী ঐক্য মঞ্চ’। তারা থানায় স্মারকলিপি জমা দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে পূর্ববর্তী শ্লীলতাহানির অভিযোগগুলির পুনঃতদন্তের দাবি তোলে। অন্যদিকে, খিদিরপুরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেসও। তাদের বক্তব্য, রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে শাসকদল চরম ব্যর্থ। ‘আমরা বিচার চাই’ স্লোগানে কাঁপে রাজপথ।