Special News Special Reports State

বাংলায় জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রীর, দুই জেলায় হাজার কোটির প্রকল্প-শিলান্যাস

0
(0)

খবর লাইভ : জোড়া কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মসূচিস্থলে পৌঁছনোর আগে তথাকথিত চিকেন’স নেক ঘেঁষে বৃহস্পতিবার ত্রিভূজ আঁকতে চলেছে প্রধানমন্ত্রীর উড়ানপথ। মোদির ‘হঠাৎ সফর’ ঘিরে এমনিতেই উত্তরবঙ্গ বিজেপিতে উৎসাহ তুঙ্গে। উত্তরের দুই জেলার জন্য প্রধানমন্ত্রী যে প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন, ২০২৬ সালের নির্বাচনে তাকে প্রচারের ‘হাতিয়ার’ করার কথাও বিজেপি নেতৃত্ব ভেবে ফেলেছেন। তবে অনুপ্রবেশ সমস্যা রুখতে কোনও কঠোর পদক্ষেপের কথা মোদি বলেন কি না, সে দিকেও তাকিয়ে উত্তরবঙ্গের বিজেপি নেতাকর্মীরা।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় বাগডোগরা বিমানঘাঁটিতে নামবে মোদীর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী রওনা দেবেন সিকিমে। তিন দিক দিয়ে চিন পরিবেষ্টিত পাহাড়ি রাজ্য সিকিম এখন ভারতভুক্তির ৫০ বছর উদ্‌যাপন করছে। প্রধানমন্ত্রীর সিকিম সফর তারই অঙ্গ। সিকিমে তিনি একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচনও করবেন। তার পরে হেলিকপ্টারেই পৌঁছবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। অর্থাৎ চিকেন’স নেকের সামান্য উত্তরে প্রধানমন্ত্রী নামছেন। তার পরে তাঁর হেলিকপ্টার নেপাল, চিন, ভুটান এবং বাংলাদেশের মাঝে ত্রিভুজাকার যাত্রাপথে চক্কর দেবে দিনভর। এক পাশে চিকেন’স নেক এবং অন্য পাশে ‘সেভেন সিস্টার্স’ অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য। ভারতের এই দু’টি ভূভাগের কথা সম্প্রতি কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের মুখে বার বার শোনা যাচ্ছে। দু’টি ভূভাগেই ভারতের ‘কর্তৃত্ব’ এবং ‘নিয়ন্ত্রণ’ কতটা ‘দৃঢ়’ এবং ‘মসৃণ’, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরসূচিতে সেই ছবিও তুলে ধরা হচ্ছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

দুপুর ২টো নাগাদ আলিপুরদুয়ারে পৌঁছনোর কথা মোদীর। প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন তিনি। দুপুর ২টো ১৫ নাগাদ সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানাচ্ছে, ওই প্রকল্প ১০১০ কোটি টাকার। তাতে দুই জেলায় আড়াই লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকেও পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করার বন্দোবস্ত হবে। এ ছাড়া প্রকল্পটির আওতায় ওই দুই জেলায় ১৯টি সিএনজি স্টেশনও তৈরি হবে, যাতে সিএনজি চালিত যানবাহনে জ্বালানি ভরার সমস্যা কমে।

৩টে নাগাদ জনসভার মঞ্চে পৌঁছবেন মোদি। সেই মঞ্চে মোদির ভাষ্য কী হতে চলেছে, গোটা রাজ্যের বিজেপি কর্মীরা সে দিকে তাকিয়ে। প্যারেড গ্রাউন্ডে মোদীর জনসভার যাবতীয় ব্যবস্থাপনা দেখভাল করছেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। আলিপুরদুয়ার ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এবং দার্জিলিং সাংগঠনিক জেলা থেকে বড় সংখ্যায় বিজেপি কর্মী-সমর্থকদের মোদীর সভায় নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। দুই দিনাজপুর এবং মালদহ থেকেও বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক আলিপুরদুয়ারে পৌঁছবেন। ফলে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলার পাশাপাশি উত্তরবঙ্গের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কোনও বার্তা থাকে কি না, অনেকেই তা দেখার অপেক্ষায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *