খবর লাইভ : গুজরাটের কচ্ছ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে গুজরাটের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।
ধৃতের নাম সহদেব সিং গিল, বয়স ৩২ বছর। তিনি গুজরাতের বাসিন্দা এবং পেশায় স্বাস্থ্যকর্মী। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটিএস দীর্ঘদিন ধরে তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করছিল।
জিজ্ঞাসাবাদে সহদেব জানিয়েছেন, ২০২৩ সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপে ‘অদিতি ভরদ্বাজ’ নামে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি জানতে পারেন, ওই মহিলা পাকিস্তানি গুপ্তচর। অদিতি তাঁকে বিএসএফ ও ভারতীয় নৌসেনার বিভিন্ন স্থাপনার ছবি ও ভিডিও পাঠাতে বলতেন।
জিজ্ঞাসাবাদে সহদেব জানিয়েছেন, ওই তরুণীকে ছবি ও ভিডিও পাঠানোর জন্য তিনি নগদে ৪০,০০০ টাকা পেয়েছিলেন। তবে, ওই টাকা তিনি কোথা থেকে পেয়েছেন, তা তদন্তাধীন।
গুজরাট এটিএসের এসপি কে সিদ্ধার্থ জানিয়েছেন, সহদেবের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া, তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও তদন্ত চলছে। এটি ভারতের সীমান্তবর্তী অঞ্চলে গুপ্তচরবৃত্তির একটি নতুন উদাহরণ, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।




