খবর লাইভ : কলকাতার বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের একাংশ সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি পেয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামী বুধবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। শিক্ষকদের অভিযোগ, পুলিশ প্রশাসন শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ না করে তাদের বিরুদ্ধে অতিসক্রিয়তা দেখিয়েছে। বিশেষ করে শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনারকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে তারা দাবি করেছেন।
শিক্ষকদের অভিযোগ, বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় তৃণমূল সমর্থকরা তাদের মারধর করেছেন। তবে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। অপরদিকে, আন্দোলনরত ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। তাদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে, না হলে গ্রেফতারির হুমকি দেওয়া হয়েছে।
শিক্ষকদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এবং তাদের ওপর পুলিশি অত্যাচার ও রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদ জানাচ্ছেন। তারা আশা করছেন, আদালত তাদের পক্ষে রায় দেবেন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।



