Special News Special Reports State

বিকাশ ভবনে পুলিশ কেন লাঠিচার্জ করল, ব্যাখ্যা করলেন এডিজি দক্ষিণবঙ্গ

0
(0)

খবর লাইভ  :  বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ। জবাবে পুলিশের ব্যাখ্যা।

বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিকাশ ভবনের সামনের এলাকা। চাকরি হারানো প্রাক্তন শিক্ষকদের লাগাতার বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের দাবি, পুলিশ লাঠিচার্জ করে আন্দোলন ভাঙার চেষ্টা করে, যার ফলে বহু মানুষ আহত হন। এরই প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘটনার ব্যাখ্যা দিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।

সাংবাদিক বৈঠকে সুপ্রতিম সরকার বলেন, চাকরিহারা আন্দোলনকারীরা দশদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। পুলিশ কোনও হস্তক্ষেপ করেনি। কিন্তু বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে জোর করে বিকাশ ভবনে ঢুকে পড়েন। তখনই অসংখ্য সরকারি কর্মচারী ভিতরে আটকে পড়েন।

তিনি আরও জানান, অফিস ছুটির পরও বহু কর্মী ভবনের ভিতর আটকে ছিলেন। কেউ কেউ বাড়িতে ফিরতে চাইছিলেন, পরিবারের অসুস্থ সদস্যদের কাছে যেতে চাইছিলেন। এমনকি এক তরুণী বাধ্য হয়ে নিচে ঝাঁপ দেন, তার পা ভেঙেছে।

পুলিশের পক্ষ থেকে সুপ্রতিম স্পষ্ট করেন, পুলিশ ধৈর্য ধরেছে সাত ঘণ্টা। বারবার বুঝিয়েও আন্দোলনকারীরা সরেননি। পুলিশ কোনও বলপ্রয়োগ করেনি, বরং মানবিকতার জায়গা থেকে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছে।

পাশাপাশি এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, প্রথম বেআইনি পদক্ষেপ আন্দোলনকারীদের দিক থেকেই আসে। আমরা কোনও অবস্থাতেই টিয়ার গ্যাস বা বলপ্রয়োগের পরিকল্পনা করিনি। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র অবরুদ্ধ সরকারি কর্মচারীদের নিরাপদে বের করে আনা।

তিনি আরও বলেন, আন্দোলন ভাঙার কোনও উদ্দেশ্য পুলিশের ছিল না। এখনও আন্দোলন চলছে, কেউ বাধা দিচ্ছে না। তবে আইন মেনে আন্দোলন করতে হবে, সেটাই আমাদের আবেদন।

সার্বিকভাবে, এই ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মাঝে পুলিশের অবস্থান নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই আন্দোলনকারীদের কৌশল নিয়েও চলছে চর্চা। সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও উচ্চ পর্যায়ের প্রতিনিধি আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেননি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *