খবর লাইভ : সিন্ধু চুক্তি বাতিলে চরম জলসঙ্কটে পাকিস্তান। ভারতের কাছে সাহায্যের আর্জি ইসলামাবাদের। একদিকে চরম জলকষ্ট, অন্যদিকে আকস্মিক বন্যা, দুই চরম পরিস্থিতির মধ্যেই দিশেহারা পাকিস্তানের সাধারণ মানুষ। এই কঠিন সময় থেকে উদ্ধার পেতে অবশেষে ভারতের কাছে আবেদন জানাল ইসলামাবাদ। ভারতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে পাক সরকারের জলসম্পদ মন্ত্রক।
জানা গিয়েছে, ইসলামাবাদের পক্ষ থেকে ভারতের বিদেশমন্ত্রককে পাঠানো চিঠিতে অনুরোধ জানানো হয়েছে, যেন সিন্ধু জলচুক্তি পুরোপুরি বাতিল না করা হয়। পাকিস্তানের স্বীকারোক্তি, এই চুক্তি স্থগিতের ফলে তাদের দেশে জলসম্পদ ব্যবস্থাপনায় ভয়াবহ সঙ্কট তৈরি হয়েছে।
<span;>তবে নয়াদিল্লি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদের মদত পুরোপুরি বন্ধ করছে, ততদিন সিন্ধু চুক্তি পুনরায় কার্যকর করার প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরই ভারত সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। এর পর শুরু হয় ‘অপারেশন সিঁদুর’, যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং শতাধিক জঙ্গিকে নিকেশ করা হয়। পরে যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও ভারত জলচুক্তি ইস্যুতে নিজের অবস্থানে অনড় থাকে।
ভারতের দ্বারস্থ হওয়ার আগে ইসলামাবাদ বিশ্ব ব্যাঙ্কের সাহায্যও চেয়েছিল। কিন্তু সেখানেও হতাশ হতে হয়। বিশ্ব ব্যাঙ্ক জানিয়ে দেয়, চুক্তিতে অসন্তোষ থাকলে তারা নিরপেক্ষ বিশেষজ্ঞ নিযুক্ত করতে পারে, তবে সরাসরি মধ্যস্থতার ভূমিকা তাদের নেই।
এই মুহূর্তে ভারতের সিদ্ধান্তই নির্ধারণ করবে উপমহাদেশের জলনীতি কোন পথে এগোবে। আপাতত ইসলামাবাদের দৃষ্টি এখন নয়াদিল্লির দয়ার উপর।




