খবর লাইভ : বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ২৫ বছর বয়সী সৃঞ্জয়, যিনি পেশায় আইটি কর্মী ছিলেন। বিধাননগর সেবা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তকারীরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
সৃঞ্জয় সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। গত ১৮ এপ্রিল, তার মা রিঙ্কু মজুমদারের দিলীপ ঘোষের সঙ্গে বিয়ের দিন তিনি কলকাতায় ছিলেন না। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, তবে জানিয়েছিলেন, কলকাতায় ফিরে মায়ের সঙ্গে দেখা করবেন এবং তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাবেন।
বেশ কয়েক বছর আগে রিঙ্কুর বিবাহবিচ্ছেদ হয়েছিল। দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিয়ের দিন সৃঞ্জয় আনন্দবাজার ডট কমকে বলেছিলেন, “১৩ বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছেন মা। এ বার নিজের জীবন শুরু করছেন। আমি মন থেকে খুশি । তিনি আরও জানিয়েছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে একাধিক বার দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে। বাবা হিসাবে দিলীপ ঘোষকে তিনি মন থেকে মেনে নিয়েছেন। তিনি বলেছিলেন, একটা ‘ইমোশনাল ভ্যাকুয়াম তো থেকেই যায় মানুষের মধ্যে। একটি নির্দিষ্ট বয়সে এসে বাবাকে পাচ্ছি, সেটার জন্যও আমি খুশি।
তবে, মায়ের বিয়ের ২৫ দিনের মাথায় সৃঞ্জয়ের মৃত্যু রহস্যের জন্ম দিয়েছে। এখনও পর্যন্ত রিঙ্কু মজুমদার বা দিলীপ ঘোষের পক্ষ থেকে সৃঞ্জয়ের মৃত্যু সম্পর্কে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি। তদন্ত চলছে, এবং মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।




