খবর লাইভ : লাল কেল্লাকে নিজের সম্পত্তি দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সুলতানা বেগম নামে এক মহিলা। তিনি নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রের বিধবা স্ত্রী হিসেবে পরিচয় দেন। মহিলার দাবি, ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করার পর লাল কেল্লা তাদের দখলে চলে আসে, যা অবৈধ। তিনি সরকারের কাছে লাল কেল্লার মালিকানা দাবি করেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ সোমবার এই আবেদন খারিজ করে দেন। আদালত প্রশ্ন তোলেন, “শুধু লাল কেল্লাই কেন চাইছেন? ফতেপুর সিক্রি কেন বাদ পড়ল?” বেঞ্চের মতে, আবেদনটি গ্রহণযোগ্য নয় এবং মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তা খারিজ করে দেয়।
এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে দিল্লি হাই কোর্ট একক বেঞ্চ সুলতানা বেগমের আবেদন খারিজ করে দিয়েছিল। পরে, ২০২৪ সালের ডিসেম্বরে ডিভিশন বেঞ্চও আবেদনটি খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, একক বেঞ্চে খারিজ হওয়ার পর আড়াই বছর দেরিতে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
এই মামলার মাধ্যমে আদালত আইনি সময়সীমা ও প্রমাণের গুরুত্ব ফের প্রমাণিত হয়েছে।




