খবর লাইভ : নয়ডায় নিট পরীক্ষায় জালিয়াতি চক্রের সন্ধান পেল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । গত ৩ মে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নয়ডার সেক্টর ৩-এ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের নাম বিক্রমকুমার শাহ, ধর্মপাল সিংহ এবং অনিকেত কুমার। তারা একটি ভুয়ো সংস্থা ‘অ্যাডমিশন ভিউ’ প্রতিষ্ঠা করে নিট পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস এবং ওএমআর শিট প্রতিস্থাপনের মাধ্যমে পাশ করানোর নিশ্চয়তা দিত। প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করা হত।
পুলিশ অভিযানে ধৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড, ক্রেডিট কার্ড, পাসপোর্ট, চেক বই, কম্পিউটার এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।




