খবর লাইভ : পহেলগাঁও জঙ্গি হামলার পর তদন্তে নতুন মোড়। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হামলায় জড়িত সন্দেহভাজন কয়েকজন জঙ্গি চেন্নাই থেকে বিমান ধরে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। ভারতের পক্ষ থেকে সতর্কবার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে শ্রীলঙ্কা প্রশাসন।
জানা গিয়েছে, ‘শ্রীলঙ্কান এয়ারলাইন্স’-এর ইউএল ১২২ নম্বর ফ্লাইটটি শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে কলম্বো পৌঁছায়। এরপরই বিমানবন্দরে শুরু হয় তল্লাশি অভিযান। শ্রীলঙ্কার এক পুলিশ আধিকারিক জানান, ভারতের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছিল, ওই বিমানে ছয়জন সন্দেহভাজন জঙ্গি থাকতে পারে, যাদের নাম ভারতের ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছে।
‘চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার’ থেকে পাওয়া বার্তার ভিত্তিতে শ্রীলঙ্কার নিরাপত্তাবাহিনী দ্রুত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে বিমানটিতে তল্লাশি চালায়। যদিও শেষ পর্যন্ত ওই বিমানে কারও গ্রেফতারির খবর পাওয়া যায়নি। পরবর্তী সময় বিমানটিকে সিঙ্গাপুরের উদ্দেশে ছাড়ার অনুমতি দেওয়া হয়, যদিও তা নির্ধারিত সময়ের কিছু পরে।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। সন্দেহের তির লস্কর-ই-তৈবার দিকে হলেও, এখনও হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। হামলার পর থেকেই ভারত-পাক সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




