খবর লাইভ : উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে সাগর থেকে জলীয় বাষ্প। এর প্রভাবেই বজ্রপাত-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বাংলায়।দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দু-এক জায়গায় শিলাবৃষ্টির ও বজ্রপাতের আশঙ্কা থাকবে।
বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইল। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়েছে। সঙ্গে মুষুলধারে শিলাবৃষ্টি।
শুক্রবার বৃষ্টির প্রভাব ও পরিমাণ কিছুটা কম থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। বাকি জেলাতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।শনিবার আবার একটু বৃষ্টি ও ঝড় বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।
রবিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে।




