খবর লাইভ : নিকাশি ব্যবস্থা বন্ধ করে ডোবার উপর বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। হুগলির চণ্ডীতলা থানা এলাকার কুমিরমোড়ায় এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে এলাকার লোকজন প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছেন। নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরেও অভিযোগপত্র পাঠিয়েছেন স্থানীয় লোকজন। অভিযোগ যে সত্যি তা স্বীকার করে নিয়েছে চণ্ডীতলা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কুমিরমোড়া এলাকার সিংহভাগ জলে ওই ডোবায় জমে। ফলে বন্যা পরিস্থিতি থেকে রেহাই পান স্থানীয়রা। সম্প্রতি কুমিরমোড়া থেকে জনাই যাওয়ার রাস্তার ধারে ওই ডোবায় বেআইনিভাবে নির্মাণ করছে স্থানীয় এক প্রোমোটার। যা নিয়ে রীতিমত অসন্তুষ্ট স্থানীয় লোকজন। ইতিমধ্যেই তারা প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েছেন। নবান্নের এক কথা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত বলেন, ‘যে অভিযোগটি করা হয়েছে তা সত্য। আমরা বিষয়টি নিয়ে বিডিও-র সঙ্গে কথা বলব। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




