Special News Special Reports State

আরজি করে অপর্ণা সেন,চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো: স্লোগান সিপিএমের

0
(0)

খবর লাইভ : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। পরিস্থিতির দিকে সরাসরি নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালক, অভিনেত্রী অপর্ণা সেন। বললেন, ‘এই অবহেলার দায় সরকারকেই নিতে হবে।’অপর্ণা বলেন, ‘যে নৃশংস ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটল, তা দেখেশুনে স্তব্ধ হয়ে যেতে হয়। এরপর সত্যিই আর কিছুই বলার থাকে না। কিন্তু তারপরও অনেক কিছু বলার থেকে যায়। অন্যান্য নাগরিকদের মতো আমারও প্রশ্ন, কেন মহিলাদের এরকম অরক্ষিতভাবে কাজ করে যেতে হবে সর্বত্র। কেন যথেষ্ট সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে না। এই অবহেলার দায় কি সরকার নেবে? সরকারকেই নিতে হবে। কেন না সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে আমি সর্বতোভাবে একমত। তাঁদের সম্পূর্ণ সমর্থন করছি। সরকার যেন অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করেন এবং দোষীকে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দিক।

তিনি আরও বলেন, ‘পুলিশের ভূমিকা নিয়েও একটা তদন্ত হওয়া প্রয়োজন। আমার প্রশ্ন–মৃতাকে ওরকম রক্তাক্ত অবস্থায় পেয়েও প্রথমে পুলিশ কেন বলল সেটা আত্মহত্যার ঘটনা। কীসের ভিত্তিতে এই ঘোষণা, সেটা জানান অধিকার আমাদের আছে। দ্বিতীয়ত, পুলিশ কেন মৃতার বাড়িতে ফোন করে বললেন এটা আত্মহত্যা? কার নির্দেশে এই ঘটনা ঘটল? তৃতীয়ত, পুলিশ কেন তড়িঘড়ি ময়নাতদন্ত করতে ব্যস্ত হয়ে উঠল? যে হাসপাতালে ঘটনাটি ঘটল, সেই হাসপাতালেই কেন ময়নাতদন্তের প্রস্তাব উঠল? এরকম অনেক প্রশ্ন আমাদের ভাবাচ্ছে।

যদিও মঙ্গলবার আরজি করে আন্দেলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে গেটের বাইরে বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী অপর্ণা সেন। বিক্ষোভকারীরা নিজেদের সিপিএম কর্মী বলে পরিচয় দিয়েছেন। এদিন শ্যামবাজার মোড় থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিদ্বজ্জনেদের একাংশ। অপর্ণা সেই মিছিলের ডাকে অন্যতম স্বাক্ষরকারী। ‘শারীরিক অসুস্থতার কারণে’ তিনি মিছিলে না হেঁটে সরাসরি পৌঁছে যান আরজি করে। পৌঁছনো মাত্রই হাসপাতালের বাইরে উপস্থিত একাধিক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে ‘চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো’ স্লোগান দিতে শুরু করেন।উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে অপর্ণা বলেন, ‘‘আমার কণ্ঠ তোমাদের কণ্ঠস্বরের সঙ্গে মেলাতে এলাম। তোমাদের দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *