Special News Special Reports State

আরজি করে খুনের ঘটনায় যে কোনও এজেন্সি তদন্ত করলে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই: মুখ্যমন্ত্রী 

0
(0)

খবর লাইভ : আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবার এবং সতীর্থ চিকিৎসকদের৷ সেই অভিযোগেই কার্যত মান্যতা দিল কলকাতা পুলিশ৷ খুনের পাশাপাশি ধর্ষণের ধারাতেই দায়ের হয়েছে মামলা৷ এ দিন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল নিজেই সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন৷

আসলে আরজি করে খুনের ঘটনায় যে কোনও এজেন্সি তদন্ত করলে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আমাদের উপর আস্থা না থাকলে আন্দোলনরত পড়ুয়ারা যে কোনও এজেন্সির কাছে যেতে পারেন। আমাদের কোনও আপত্তি নেই।

মমতার কথায়, সিবিআই তদন্ত করলেও আমাদের কোনও অসুবিধা নেই। কারণ, আমাদের কিছু লুকোনোর নেই। পাশাপাশি মমতা জানিয়েছেন, রাজ্য সরকার তদন্ত করছে। শুক্রবার রাত ২টো পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তাঁর দফায় দফায় কথা হয়েছে।

নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, মৃতার পরিবার চাইলে অন্য কোনও এজেন্সি দিয়ে তদন্তে আপত্তি নেই তাদের৷ একই সঙ্গে অবশ্য নগরপাল দাবি করেছেন, কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত অত্যন্ত স্বচ্ছ ভাবেই করছে৷ ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে৷ ছাত্রীর দেহ উদ্ধারের পর থেকে শুরু করে ময়নাতদন্তের প্রক্রিয়া পর্যন্ত গোটা প্রক্রিয়াতেই উপযুক্ত সাক্ষী এবং পরিবারের সদস্যদের রাখা হয়েছিল৷

আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ৷ যদিও গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে কি না অথবা এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে বলেই জানিয়েছেন নগরপাল৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *