Special News Special Reports State

প্রাক্তন সাংসদ ঘনিষ্ঠ চিন্ময়ের বিরুদ্ধে তদন্ত শুরু, আয়কর দফতরেও জমা পড়ল অভিযোগ

0
(0)

খবর লাইভ : আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার ঘনিষ্ঠ চিন্ময় সামন্তের বিপুল সম্পত্তির উৎস জানতে চেয়ে আয়কর দফতরে চিঠি পাঠালেন হুগলির খানাকুলের তৃণমূল কর্মীদের একাংশ। অপরূপার প্রাক্তন আপ্তসহায়ক চিন্ময়ের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন প্রশাসনিক দফতরে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল নেতৃত্বের একাংশ। এবার সরাসরি আয়কর দফতরের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, কোনও কিছু না করেই শুধুমাত্র বেআইনি কাজের মাধ্যমে বিপুল সম্পত্তি করেছেন চিন্ময়। সরকারকে কর ফাঁকি দেওয়ারও অভিযোগ তুলেছেন খানাকুলের ওই তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের পাশাপাশি বেশ কয়েকজন নেতাও একই অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ আজ শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য,পিস ওয়ার্ল্ড থেকে এনআরএস মেডিক্যাল কলেজ

প্রসঙ্গত, কিছুদিন আগেই খানাকুলের তাঁতিশাল গ্রামের বাসিন্দা চিন্ময়ের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক বেআইনি কাজের অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন খানাকুলের তৃণমূল নেতাদের একাংশ। যে তালিকায় রয়েছেন খানাকুলের তৃণমূল নেতা শেখ সাকিম, তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ লালবাবু সহ অনেকেই। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরেও অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে চিন্ময়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও দুই কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের কাছেও অভিযোগ পাঠিয়েছেন খানাকুলের একাধিক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় নতুন সংযোজন আয়কর দফতর। আয়কর দফতরের এক কর্তা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করতেই পারি।’
খানাকুলের তৃণমূল নেতা শেখ সাকিম বলেন, ‘অন্যায় যদি কেউ করে থাকেন তবে তাঁর জন্য আইন আছে।’
তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ‘অন্যায়কারীকে রেয়াত করবে না দল। প্রশাসন প্রশাসনের কাজ করবে।’
এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য চিন্ময়কে একাধিকবার ফোন করা হলেও তিনি মোবাইল ধরেননি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *