খবর লাইভ : পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি এবং মৃত্যুর ঘটনায় সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অধীরের আইনজীবী সূত্রে জানা গিয়েছে, এই জনস্বার্থ মামলায় নিজেই সওয়াল করেন অধীর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি করা হয়।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তরুণ চট্টোপাধ্যায়ের মৃত্যুর কারণে হাই কোর্টে আইনজীবীদের কর্মবিরতি চলছে। সেই কারণে কোনও মামলার শুনানি করতে হলে সওয়ালের জন্য মামলাকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। তাই অধীর সশরীরে উপস্থিত থেকে নিজে সওয়াল করেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে হাইকোর্টে পৌঁছন অধীর।
পঞ্চায়েত ভোট সংক্রান্ত অশান্তি নিয়ে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করে তিনি বলেন, ‘‘ধর্মাবতার শুভ সকাল। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার জেলা মুর্শিদাবাদ-সহ সারা রাজ্যে অশান্তি হচ্ছে। প্রতি দিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি এমন যে, মৃতদের পরিবার জানে না কোথায় দেহ আনতে যেতে হবে।’’ মামলা দায়ের করার অনুমতিও চান তিনি। দুপুর ২টোয় দ্রুত শুনানির আর্জি করা হয়।প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, ‘‘রাজ্যের পক্ষে কে আছেন?’’ অধীর বলেন, ‘‘মামলার কপি আমরা দিয়ে দেব।’’ এর পর প্রধান বিচারপতি বলেন, ‘‘আপনার মামলার কপি দিন। মামলার অনুমতি দিচ্ছি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে খবর দিন।’’ ক্ষতিপূরণের দাবিতে হাই কোর্টে মামলা করেছেন অধীর। যত দ্রুত সম্ভব সকল পক্ষকে জানাতে বলেছেন প্রধান বিচারপতি। এই মামলার শুনানি হবে, তার আশ্বাসও দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যসভায় তৃণমূলের টিকিট পেলেন না সুস্মিতা দেব, শান্তা ছেত্রী
অধীর এজলাসে বলেন, ‘‘সব জায়গায় ভোটের দিন গরিব বা নিম্ন মধ্যবিত্তের উপর আক্রমণ চলেছে। তাঁরা জানেন না কোথায় যেতে হবে। হাসপাতালে অনেকে যেতে পারেননি। কোথাও কোথাও প্রশাসন নিরুত্তর। সেই সব পরিবারের পক্ষ থেকে এসেছি। তাঁদের সাহায্য করা হোক।’’
পঞ্চায়েতে ভোটে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে দেখা গিয়েছিল অধীরকে। পঞ্চায়েত ভোটে সংঘর্ষে নিহত কংগ্রেস কর্মীর পরিজনদের সঙ্গে সাক্ষাতের পর রাজ্য নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, ‘‘একটা সিটে হারলেও আপনার মুখ্যমন্ত্রিত্ব যেত না।’’ মুখ্যমন্ত্রীর পায়ের অস্ত্রোপচার নিয়েও কটাক্ষ করেন। অধীরের কথায়, ‘‘কয়েকটা সিটে হারলেও সরকার আপনারই থাকত। তা হলে এত খুন কেন?’’ কংগ্রেস নেতা আরও বলেন, ‘‘১১ জুলাইয়ের (পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের দিন) পর মুখ্যমন্ত্রীর পা ঠিক হয়ে যাবে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে (ভোটে হিংসা) নীরব থাকতেই উনি নাটক করেছেন।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…