খবর লাইভ : বৃষ্টি পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গে। মধ্যপ্রদেশ-ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার প্রভাবে ভারী বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে।
আরও পড়ুনঃ ‘আমার নাম করে কেউ প্রভাবশালী হবে, তা বরদাস্ত করব না’, বিস্ফোরক শোভন
দক্ষিণবঙ্গে অগাস্ট মাসের শুরুতে বৃষ্টির ঘাটতি ছিল ৫০ শতাংশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই বৃষ্টির ঘাটতি কমে ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে ঘাটতি আরও কমবে বলে আবহাওয়া দফতরের অনুমান। এই বৃষ্টি এমন ধান চাষে কিছুটা সহায়ক হলেও সবজি চাষের ক্ষতি হবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়।শুধুমাত্র ভারী বৃষ্টি হবে কলকাতা, হুগলী মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হাওড়া জেলায়। আগামিকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর-নীচের দিকে এই তিন জেলায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, নিম্নচাপ ক্রমশ দুর্বল হলেও এই নিম্নচাপের ফিডিং বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। এছাড়াও আপার ইয়ার থেকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে নিম্নচাপ এলাকা থেকে মধ্য বাংলাদেশ পর্যন্ত। এর প্রভাবে ১৪ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। অগাস্ট মাস থেকে বৃষ্টির ঘাটতি কিছুটা কমেছে। আগামী কয়েক দিনের বৃষ্টিতে আরও ঘাটতি কমবে।




