Special News Special Reports State

বাগুইআটি থানার আইসিকে ক্লোজ, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় তৎপর রাজ্য সরকার৷ বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সিআইডি-কে৷ এ দিন নবান্ন থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বাগুইআটি কাণ্ডে পুলিশের যে গাফিলতি ছিল, তা কার্যত স্বীকার করে নিয়েছেন ফিরহাদ৷

আরও পড়ুনঃ রেকর্ড আসনে জয় দূর অস্ত! ২০২৪-এ বিজেপির গরিষ্ঠতা হারানোর আশঙ্কাই চরমে !

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, দুই ছাত্রের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত৷ মুখ্যমন্ত্রী নিজে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছেন৷ আজই বিধাননগর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন সিআইডি আধিকারিকরা৷ তদন্তের শুরুতেই পুলিশের সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল বলেও মন্তব্য করেন ফিরহাদ৷
ফিরহাদ হাকিম এ দিন বলেন, ‘আইসি-র আরও তৎপর হওয়া উচিত ছিল, পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল৷ প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমন কি সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল৷ আইসি-কে ক্লোজ করা হল, সিআইডি এই তদন্ত করবে৷ মুখ্যমন্ত্রী খুবই দুঃখ পেয়েছেন, তিনি অত্যন্ত বেদনার মধ্যে আছেনষ৷ দুটো বাচ্চা ছেলের সঙ্গে এরকম হল৷ এই দুঃখের সময় আমরা পরিবারের পাশে আছি৷ দোষীদের সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে৷ কাউকে ছাড়া হবে না৷ মুখ্যমন্ত্রী ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন৷’
গত ২২ অগাস্ট বাগুইআটি থেকে অপহূত হয় অতনু দে এবং অভিষেক নস্কর৷ ওই দিন রাতেই তাদের খুন করে দুষ্কৃতীরা৷ অথচ প্রায় দু’ সপ্তাহ ধরে দুই ছাত্রের দেহ বসিরহাটের পুলিশ মর্গে পড়ে থাকলেও সেই খবর পায়নি বাগুইআটি থানার পুলিশ৷ শেষ পর্যন্ত, গতকাল দুই ছাত্রের খুনের ঘটনা প্রকাশ্যে আসে৷ এর পর থেকেই পুলিশের বিরুদ্ধে একের পর এক গাফিলতির অভিযোগ সামনে আসতে শুরু করে৷ এই ঘটনায় এখনও ফেরার মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী৷
বাগুইআটির এই ঘটনাকে হাতিয়ার করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের উপরে চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা৷ পুলিশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ আজই বাগুইআটি থানায় যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ এরই মধ্যে বাগুইআটির ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার৷

রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি নিহত ছাত্র অতনু দে-র বাবা বিশ্বনাথ দে৷ ছেলের খুনিদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *