খবর লাইভ : সাত সকালে জাতীয় সড়কের উপরে উল্টে গিয়েছিল দুধের গাড়ি৷ গাড়ি বাইরে জনপ্রিয় দুধ সরবরাহকারী সংস্থার নাম লেখা দেখে তাই ভেবেছিলেন সাধারণ মানুষ৷ কিন্তু সেই গাড়ির দরজা খুলতেই সবার চোখ কপালে৷ কারণ দুধ নয়, গাড়ির ভিতর থেকে উদ্ধার হল কুড়ি থেকে পঁচিশটি গরু৷ যার মধ্যে দুর্ঘটনার জেরে মৃত্যু হয় পাঁচটি গরুর৷
আরও পড়ুনঃ সিবিআই নিয়ে নিজের মন্তব্যে অনড় দিলীপ, অস্বস্তি বাড়ল বিজেপির
আজ সকালে পুরুলিয়া বাঁকুড়া ৬০এ জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ গরু পাচার কাণ্ড নিয়ে সিবিআই তৎপরতার মধ্যেই এ ভাবে দুধের গাড়ি থেকে গরু উদ্ধারের ঘটনায় নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ ট্যুইটারে তাঁর কটাক্ষ, গরু পাচার বন্ধে কড়াকড়ি শুরু হতেই নতুন কৌশল অবলম্বন করেছে পাচারকারীরা৷
উত্তর প্রদেশের নম্বর প্লেট থাকা ওই দুধের গাড়ির চালক এবং খালাসিকে আটক করেছে পুলিশ৷ জেরায় তাদের দাবি, গরুগুলি বিহারের ঔরঙ্গাবাদের একটি হাট থেকে কলকাতায় আনা হচ্ছিল৷ তবে পাচারের উদ্দেশ্যে নয়, কৃষি কাজে ব্যবহার করার জন্যই গরুগুলি আনা হচ্ছিল বলে দাবি তাদের৷
এ দিন সকালে পুরুলিয়ার বিষপুরিয়ার কাছে আমূল দুধের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ দুধের গাড়ি হওয়ায় গাড়ি পিছনের অংশ চারপাশ দিয়ে ঢাকা ছিল৷ গাড়ি উল্টে যাওয়ায় চালক খালাসিকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা৷ তখনই দেখা যায়, গাড়ির পিছনের অংশে ঠাসাঠাসি করে রাখা রয়েছে বেশ কিছু গরু৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হুরা থানার পুলিশ৷ দেখা যায়, গাড়ির ভিতরে প্রায় ২২টি গরু রয়েছে৷ তার মধ্যে দুর্ঘটনার জেরে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে আরও পাঁচটি গরু৷ যদিও ওই চালক এবং খালাসি সত্যি কথা বলছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ প্রাথমিক জেরায় ওই দু’ জন স্বীকার করেছে, গরু পাচার নিয়ে পুলিশের কড়াকড়ি থাকার কারণেই পুলিশের চোখে ফাঁকি দিতে এ ভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল৷




