খবর লাইভ : রবিবার কংগ্রেসের তরফে ১০ রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণার পরেই দলে ফের শুরু অশান্তি। অভিনেত্রী-কংগ্রেস নেত্রী নাগমা জানিয়ে দিলেন তাঁর ১৮ বছরের তপস্যা ব্যর্থ হল। কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরার আক্ষেপ, হয়তো তাঁর তপস্যায় কিছু খামতি থেকে গিয়েছে।
আরও পড়ুন- আরিয়ানকে সামনে রেখে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা আদায়ের ছক !
আগামী ১০ জুন রাজ্যসভার ভোট। রবিবার তাদের ১০ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু সেখানে নাম নেই মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নাগমার। তিনি এ বার ধরেই নিয়েছিলেন যে, মহারাষ্ট্র থেকে রাজ্যসভার টিকিট পাবেন। কিন্তু প্রার্থী করা হয়েছে ইমরান প্রফতাগিরিকে। যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।টিকিট না পেয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন ‘বাগি’-র নায়িকা। নাগমা লেখেন, ‘ইমরান ভাইয়ের কাছে আমার ১৮ বছরের তপস্যা অনেক ছোট হয়ে গেল!’ তিনি এও জানান, ২০০৩-০৪ সালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁকে নিজে রাজ্যসভায় জায়গা দেওয়ার কথা বলেছিলেন। নাগমার আক্ষেপ, ‘তার পরও ১৮ বছর কেটে গিয়েছে। সুযোগ আসেনি। এখন মহারাষ্ট্র থেকে রাজ্যসভার টিকিট পেলেন ইমরান! আমার একটাই প্রশ্ন, আমি কি কম যোগ্য ছিলাম?’
নাগমার এই টুইটের ঠিক ছ’মিনিট আগে একটি টুইট করেন পবন খেরা। তিনিও সেখানে নিজের ‘না পাওয়া’ নিয়ে খেদ উগরে দেন। পবনের দাবি, তিনি রাজস্থানের বাসিন্দা হওয়া সত্ত্বেও সেখানকার রাজ্যসভার আসনের জন্য টিকিট দেওয়া হল রণদীপ সূরযেওয়ালা, মুকুল ওয়াসনিক, প্রমোদ তিওয়ারিকে। যাঁরা কেউ রাজস্থানের নন।




