খবর লাইভ : নির্মল মাজিকে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিল নবান্ন। দুর্নীতি দমন নিয়ে যখন বারবার রাজ্য যখন কড়া হওয়ার বার্তা দিচ্ছে, তখনই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল। রাজ্যের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মলের নাম ইতিমধ্যেই বহু বিতর্কে জড়িয়েছে। তবে নবান্ন নির্মলকে অপসারণের কোনও কারণ ব্যাখ্যা করেনি। একটি ১০ লাইনের নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান পদে থাকা নির্মলের জায়গায় নতুন দায়িত্ব নিচ্ছেন সুদীপ্ত রায়।
রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিকেলে ওই নির্দেশিকা দেওয়া হয়। তাতে জানানো হয়েছে সমিতির কাজ মসৃন ভাবে চালনার জন্যই এই বদল। উল্লেখ্য রোগী কল্যাণ সমিতির নতুন দায়িত্ব প্রাপ্ত সুদীপ্ত শ্রীরামপুরের বিধায়ক।




