খবর লাইভ : আবার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এবার নিয়ে গত পাঁচ বছরে চার বার। রবিবার লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জিততেই হত পেপ গুয়েরদিওলার ম্যান সিটিকে। কিন্তু ইত্তিহাদ স্টেডিয়ামের হাজার হাজার সমর্থকদের হতাশ করে বিরতির সময় এক গোলে পিছিয়ে ছিল রহিম স্টার্লিংরা। ৬৯ মিনিটে সেই ব্যবধান বেড়ে হয়ে গেল ২-০। কিন্তু তারপরই নাটকীয়ভাবে সিটির পাঁচ মিনিটে তিন গোল। শেষ পর্যন্ত আ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি।
আরও পড়ুন- তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞানী শাস্ত্রী ভবনের সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী
তারা যখন ০-২ গোলে পিছিয়ে হতাশ সিটির সমর্থকদের মনে তখন হতাশার মেঘ। তাহলে কি তীরে এসে ডুবে যাবে তাদের তরী। কিন্তু টিমটার নাম তো ম্যাঞ্চেস্টার সিটি। ইদানীং কালের ই পি এল-এ সবচেয়ে সফল টিম। টিমের কোচ পেপ গুয়েরদিওলা কেন বড় কোচ তা বোঝা গেল এই সময়। একটু আগেই তিনি টিমে একটা পরিবর্তন করেছেন। মিডফিল্ডার বের্নাদো সিলভার জায়গায় পাঠিয়েছেন ইকে গুন্ডোগানকে। মাঠে নামার সাত মিনিটের মধ্যে গোল করে ১-২ করলেন জার্মান গুন্ডোগান। দু মিনিটের মধ্যে আবার গোল সিটির। এবার গোল করলেন রড্রি। ম্যাচ তখন ২-২। কিন্তু ট্রফি জিততে চাই আরও একটা গোল। একাশি মিনিটে আবার গোল করে সিটিকে জিতিয়ে দিলেন গুন্ডোগান। মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটি গোল করে আবার ইংল্যান্ড সেরা হয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি।
৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল সিটি। আর ৯২ পয়েন্ট নিয়ে রানার্স হল লিভারপুল। রবিবার তাদেরও ছিল শেষ ম্যাচ। এবং নিজেদের মাঠ আনফিল্ডে সেই ম্যাচে সিটির মতো শুরুতেই পিছিয়ে পয়ে লিভারপুল। কিন্তু তার পর সাদিও মানে গোল শোধ করলে বিরতিতে ফল থাকে ১-১। ৮৪ মিনিট অবধি ম্যাচের ফল ছিল ১-১। তার পর মহম্মদ সালাহ এবং রবার্টসনের গোলে লিভারপুল ৩-১ গোলে ম্যাচ জিতে যায়। জুরগেন ক্লপের ছেলেদের সামনে ছিল চতুর্মুকুটের আশা। এর আগে তারা লিগ কাপ এবং এফ এ কাপ জিতেছে। রবিবার ই পি এল জিতলে তিনটে ট্রফি হত তাদের। কিন্তু ম্যান সিটি ই পি এল চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় তাদের সামনে এখন ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। আগামি ২৮ মে প্যারিসের সাঁ দেনি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের সামনে রিয়াল মাদ্রিদ।




