খবর লাইভ : কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে রাজ্যের দুই জেলায় এক কিশোর-সহ দু’জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও দু’জন। ঝড়ের তাণ্ডবে রাজ্যের কোনও জেলায় ট্রেন চলাচল পরিষেবা বিপর্যস্ত হয়েছে। কোথাও বা ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার। পূর্ব বর্ধমান থেকে হুগলি, হাওড়া থেকে পূর্ব মেদিনীপুর— রাজ্যের বহু জেলায় কালবৈশাখীর ঝড়ের প্রভাব পড়েছে।
আরও পড়ুন- ‘অপারেশন খোঁজবিন’ অভিযানে দু’টি নৌকা থেকে ২০০ কেজি হেরোইন উদ্ধার গোয়েন্দাদের
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে বর্ধমান শহরের ৫ নম্বর ওয়ার্ডের রাজারবাগান এলাকার শেখ আলিশান নামে এক কিশোরের মৃত্যু হয়। ঘটনার সময় শহরের একটি বন্ধ হয়ে পড়ে থাকা চায়ের দোকানে দু’জন কিশোরের সঙ্গে ক্যারাম খেলছিল আলিশান। ঝড়ের দাপটে ওই দোকানের উপরে একটি গাছ ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলেই আলিশানের মৃত্যু হয়। পাশাপাশি, আহত অন্য দুই কিশোর। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক খোকন দাস-সহ প্রশাসনের আধিকারিকেরা।
বর্ধমানের পাশাপাশি হুগলিতেও প্রাণহানি হয়েছে। ওই জেলায় কালবৈশাখীর ঝড়ের সময় আম কুড়োতে গিয়ে গাছ পড়ে মারা যান এক যুবক। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুনীল নাথ (৩২)। শ্রীরামপুর ঘোড়ামারা পশ্চিমপাড়া মল্লিকপাড়া এলাকার বাসিন্দা সুনীলের উপর একটি নারকেল গাছ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানার পুলিশ।
শনিবারের ঝড়ে হুগলির বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। চুঁচুড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাঙ্খাটুলিতেও গাছ ভেঙে প়ড়েছে। সেই সঙ্গে ত্রিবেণী স্টেশন রোডে প্রবল ঝড়ে একটি দোকানের চাল উড়ে যায়।
ঝড়ের দাপটে বেশ কয়েকটি লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। হুগলির শেওড়াফুলি স্টেশনে ১ নম্বর লাইনে ট্রেন বন্ধ হয়ে যায়। ওই স্টেশনে ওভারহেড তার থেকে বিদ্যুতের ফুলকিতে আগুন ধরে যায়। অন্য দিকে, তারকেশ্বর ১ নম্বর লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
হুগলিতে একটি মোবাইল টাওয়ার ভেঙেও বিপত্তি ঘটেছে। ঝড়বৃষ্টির সময় বৈদ্যবাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সদ্গোপ পাড়ায় হঠাৎ ভেঙে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে একটি মোবাইল টাওয়ার। এর জেরে একই বাড়িতে দু’জন আটকে পড়েন। তাঁদের উদ্ধার করেন স্থানীয়েরা।
শনিবার বিকেল থেকে হাওড়া জুড়েও প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। বিকেলেই যেন রাতের অন্ধকার নেমে আসে জেলায়। হাওড়া থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ঝড়ের দাপটে কোনা এক্সপ্রেস সংলগ্ন নারায়ণপল্লিতে কয়েকটি বাড়ির উপর বড় হোর্ডিং ভেঙে পড়ে।
স্বাভাবিকভাবেই এই ভয়ঙ্কর ঝড়ে গাছ উপড়ে গিয়ে একাধিক জায়গায় রাস্তা বন্ধের খবর মিলেছে। সার্দান অ্যাভিনিউতে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বিড়লা মন্দিরের সামনে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউতে গাছ পড়ে রাস্তা আংশিক বন্ধ। বন্ধ হয়ে যায় টালিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো চলাচল।
ঝড় বৃষ্টির দাপটে বিমান চলাচলও ব্যহত হয়েছে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূরের খবর, ঝড়ের কারণে দু’টি বিমান অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। অন্য ৫টি বিমান মাঝ আকাশেই চক্কর কাটছে ঝড় বৃষ্টির কারণে। মেট্রোর লাইনে গাছ পড়ে উত্তমকুমার থেকে গড়িয়াগামী ট্রেন চলাচলও বন্ধ। শিয়ালদহ উত্তর শাখায় একাধিক জায়গায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।




