খবর লাইভ : এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় ‘চাপে’ শিক্ষা দফতর তথা রাজ্য সরকার। এই পরিস্থিতিতে তাঁর প্রস্তাবিত এবং পূর্ব পরিকল্পিত লন্ডন সফর বাতিল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবারই লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন সিবিআইয়ের জেরার মুখোমুখি, তখন বিদেশ সফর বাতিল করাই বিধেয় বলে মনে করেছেন ব্রাত্য। তবে প্রশাসনিক সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ব্রাত্যকে আপাতত বিদেশে না-যাওয়ার নির্দেশ দিয়েছেন।
ব্রাত্যের সঙ্গে লন্ডনে যাওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনেরও। তাঁর সফরও বাতিল। কারণ, সূত্রের দাবি, মণীশকেও এসএসসি তদন্তে ডেকে পাঠাতে পারে সিবিআই।
পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমেরও লন্ডন যাওয়ার কথা ছিল। সূত্রের খবর, তিনিও ওই সফরে যাচ্ছেন না। তবে এর সঙ্গে এসএসসি মামলার যোগ নেই। প্রশাসনিক সূত্রের বক্তব্য, এই ‘সঙ্কট সময়ে’ ফিরহাদকে দেশ ছাড়তে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতাই। মুখ্যমন্ত্রীর নির্দেশেই দুই মন্ত্রী তাঁদের বিদেশ সফর বাতিল করেছেন।




