খবর লাইভ : রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলে স্বাস্থ্য দফতরের চাকরিতে ‘বাড়ি যেখানে বদলি সেখানে’ নীতির সুবিধা পাওয়া যাবে না বলে জানালেন তৃণমূলের চিকিৎসক-বিধায়ক নির্মল মাজি। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালে হোমিয়োপ্যাথির এক অনুষ্ঠানে তাঁর ঘোষণা, ‘‘চিকিৎসক, নার্সিং, প্যারামেডিক্যাল স্টাফ, টেকনিশিয়ান—যাঁর বাড়ি যেখানে, পোস্টিং হোক সেখানে, এই আওয়াজ আমিই তুলেছি। এখন তা বাস্তবায়িত হচ্ছে। কিন্তু এই সুবিধা তাঁদের জন্য নিশ্চয়ই নয়, যাঁরা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেন। কথায়-কথায় পান থেকে চুন খসলে যাঁরা জিন্দাবাদ-জিন্দাবাদ করে সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেন। তারা এই সুবিধা পাবেন না।প্রশ্ন উঠেছে, নির্মলবাবু স্বাস্থ্যমন্ত্রী নন, স্বাস্থ্যকর্তাও নন। তা সত্ত্বেও স্বাস্থ্যক্ষেত্রে কাদের, কেন, কোথায় বদলি হবে, সেই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করার তিনি কে?
রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, ‘‘আমাদের নির্দিষ্ট নিয়োগ ও বদলি নীতি আছে। সেই অনুযায়ী কাজ হয়। এর বাইরে কে, কোথায়, কী বললেন সে ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না।’’ যদিও নির্মলের ব্যাখ্যা, আমি কিছু ঘোষণা করিনি। হেলথ স্ট্যান্ডিং কমিটির তরফে সরকারকে শুধু বদলি নীতির ব্যাপারে সাজেশন দিয়েছি।
তাঁর আরও ব্যাখ্যা, ‘‘আমি আসলে বলতে চাই, বিরোধী দলের কিছু চিকিৎসক-কর্মী ইচ্ছাকৃত ভাবে স্বাস্থ্যক্ষেত্রে সাবোতাজ করে সরকারের পরিকাঠামোকে খারাপ দেখাতে চাইছেন। তাঁদের যেমন শাস্তি হিসাবে দূরে বদলি করা উচিত, তেমনই তৃণমূলের সমর্থক ডাক্তার কাজ না করে হাসপাতালে শুধু রাজনীতি করলে, তাঁদেরও দূরে বদলি করা উচিত।




