খবর লাইভ : হাঁসখালি-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন ২০১২ সালে দিল্লি গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতার নির্ভয়ার (Nirbhaya Rape Case) মা আশা দেবী। ২০১২ সালে নির্ভয়ার ঘটনায় গোটা দেশ প্রতিবাদে সরব হয়েছিল, নির্ভয়া নির্মমভাবে গণধর্ষণ করা হয়েছিল। গোটা দেশেই এই ঘটনার প্রতিবাদে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছিলেন। তবে শেষমেশ হাজার চেষ্টার পরও নির্ভয়াকে প্রাণে বাঁচানো যায়নি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালিতে (Hanskhali Rape Case) ১৪ বছর বয়সী এক কিশোরীকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেইদিন রাতেই নির্যাতিতা তরুণীর মৃত্যু হয়। তারপর থেকে গোটা বাংলা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে (TMC Govt) কড়া ভাষায় আক্রমণ করছে বিরোধীরা।
সোমবার এক সরকারি অনুষ্ঠান থেকে হাঁসখালির ঘটনা নিয়ে মুখ খুলে বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, “ওই মেয়টিকে ধর্ষণ করা হয়েছে না মেয়েটি প্রেগন্যান্ট ছিল তা আগে খতিয়ে দেখা দরকার।” মমতার এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। বিরোধীরা মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন, এমনকী সোশ্যাল মিডিয়াতেও (Social Media) মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দায় সরব হয়েছিল নেটিজেনরা।
আরও পড়ুন- তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন-মৃত্যু তদন্তে সিবিআইকে দিল হাইকোর্ট
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে নির্ভয়ার মা বলেন, “মমতা যদি নির্যাতিতাকে নিয়ে এমন মন্তব্য করেন তবে তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্যতা নেই। একজন মহিলা হয়েও তিনি যদি এমন মন্তব্য করেন, তবে তিনি যে পদে রয়েছেন, তা তাঁকে মানায় না। এই মামলা যথাযথ তদন্ত হওয়া উচিৎ এবং দোষীদের শাস্তি দেওয়া উচিৎ। এই মন্তব্যে এই ধরনের অপরাধকে উৎসাহ দেবে। এমনকী নির্যাতিতার ওপরও এর মারাত্মক প্রভাব পড়বে। এই ধরনের রাজনীতিবিদরা শুধু ভোটব্যাঙ্কের কথাই ভাবেন।”




