খবর লাইভ : রবিবার পাকিস্তানে আস্থা ভোট। তার আগে হত্যার আশঙ্কা প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan PM Imran Khan)। বললেন, “আমার কাছে নিশ্চিত খবর আছে, আমার প্রাণহানি হতে পারে। একইসঙ্গে তাঁর দৃপ্ত ঘোষণা, “তবু আমি আমার সংকল্প থেকে সরব না। স্বাধীন ও গণতান্ত্রিক পাকিস্তান গঠন করবই।”১৯৯২ সালে প্রায় একার ক্ষমতায় পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জিতিয়েছিলেন ইমরান। দাঁতে দাঁত চেপে লড়তে শিখিয়েছিলেন সহখেলোয়াড়দের। আজও তিনি একই রকম। সেকথা টুইটারে লিখলেন পাকিস্তানের এক মন্ত্রী ফাওয়াদ চৌধুরি। তাঁর কথায়, ‘ইমরান খান এমন একজন খেলোয়াড়, যিনি শেষ বল পর্যন্ত লড়ে যান। কোনও ইস্তফা দেওয়া হবে না। খেলা হবে। বন্ধু আর শত্রু, সকলেই সেই খেলা দেখবেন।’ পাকিস্তানের ইতিহাসে আজ পর্যন্ত কোনও প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করেননি। তার আগেই ক্ষমতাচ্যুত হয়েছেন। ইমরানের ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না। ২০১৮ সালে ক্ষমতায় এসেছিল ইমরানে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ। শরিকদলের হাত ধরে। এবার বিরোধীরা তাঁর দিকে আঙুল তুলে অনাস্থা প্রস্তাব এনেছে। তাদের অভিযোগ, দেশের অর্থনীতি আর বিদেশনীতি ইমরানের কারণেই বিপাকে পড়েছে। বৃহস্পতিবার থেকে এই অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হবে পার্লামেন্টে।
আরও পড়ুন- আরিয়ান খান মাদক মামলার প্রধান সাক্ষী প্রভাকর সেলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
ইমরানের সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৩ সালের আগস্ট। আস্থা ভোটে তিনি হেরে গেলে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সংসদই চলতে পারে। মেয়াদ শেষ হওয়ার পরের ৬০ দিনের মধ্যে ভোট করতে হবে। নয়তো সংসদে ফের ভোট করা যেতে পারে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য।




