খবর লাইভ : ইউক্রেন যুদ্ধের আগে অপরিশোধিত তেলের (Crude oil) যা দাম ছিল, তার চেয়েও কম হারে ভারতকে তেল বেচতে আগ্রহী রাশিয়া (Russia)।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি ব্যারেলে ৩৫ ডলার পর্যন্ত ছাড়ের অফার দিচ্ছে মস্কো। এর ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে যা বাজারদর তার চেয়েও কম দরে অপরিশোধিত তেল পাবে ভারত! এর ফলে দেশে তেলের দামকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, ভারত তাদের প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশই আমদানি করে। তবে রাশিয়ার থেকে স্বল্প পরিমাণ তেলই কেনে ভারত।
যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে ভারতের তেল কেনার বিষয়টি ভালভাবে নিচ্ছে না পশ্চিমী দেশগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতে এসেছেন রুশ বিদেশমন্ত্রী। একই সময়ে দেশে রয়েছেন ব্রিটেনের বিদেশ সচিব এলিজাবেথ ট্রাস। তাঁর সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ”যখন তেলের দাম লাফিয়ে বাড়ছে, তখন এটাই তো স্বাভাবিক যে, নিজেদের দেশবাসীর জন্য ভাল অফার পেলে সেদিকেই এগোবে ভারত।”




