খবর লাইভ : সুপার সাইক্লোন ‘যশ’ রাজ্যে কতটা ধ্বংসলীলা চালাবে তা সম্পূর্ণই অনুমান নির্ভর। কিন্তু আছড়ে পড়ার আগেই যে ‘যশ’ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের মধ্যে সম্পর্কের ফাটল আরও তীব্র করেছে সোমবার বিকালেই তার প্রমাণ মিলল। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে এদিন সুপার সাইক্লোন মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে উপস্থিত থাকলেও বৈঠক শেষে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘ক্ষতিপূরণ বাবদ অগ্রিম বরাদ্দ নিয়ে বাংলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে কেন্দ্র। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে যেখানে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেখানে বাংলার ভাগ্যে বরাদ্দের পরিমাণ মাত্র ৪০০ কোটি টাকা।’ কেন্দ্রের এমন ভূমিকাকে টিপ্পনী কেটে তিনি বলেছেন, ‘রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানি, কিন্তু এই বিজ্ঞান সম্পর্কে কিছু বুঝিনা।’
তবে ‘যশ’ মোকাবিলায় কেন্দ্রের সাহায্যের মুখাপেক্ষী না থেকে নিজের মতো করেই প্রস্তুতি নিতে শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকে যেমন রাজ্যের মন্ত্রীদের নিজ নিজ এলাকায় ঘাঁটি গেড়ে পরিস্থিতির উপরে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, তেমনই দলীয় বিধায়কদেরও উদ্ধারকার্যে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ‘আম্ফানের’ মতোই ‘যশ’ মোকাবিলাতেও মঙ্গল এবং বুধবার নবান্নে রাত জাগার সিদ্ধান্ত নিয়েছেন মমতা।
‘যশ’ মোকাবিলা নিয়ে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী হাজির নাও থাকতে পারেন বলে জল্পনা চলছিল। সেই জল্পনায় জল ঢেলে কেন্দ্রের বৈঠকে ছিলেন মমতা। বৈঠক শেষে অবশ্য কেন্দ্রের বৈষম্যের বিরুদ্ধে জোরালোভাবেই সরব হয়েছেন তিনি। নবান্নে সাংবাদিক সম্মেলনে ক্ষুব্ধ কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, ‘যশ প্রতিরোধে বাংলা, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশকে নিয়ে আজ একটা বৈঠক করেছেন অমিত শাহজী। রাজ্যগুলিকে সহযোগিতা করবেন বলেছেন। ঘোষণা করেছেন, ওড়িশা ৬০০ কোটির উপর টাকা পাবে। অন্ধ্রপ্রদেশও পাবে ৬০০ কোটির বেশি টাকা। বাংলাকে দেওয়া হবে ৪০০ কোটির সামান্য বেশি। ওড়িশা, অন্ধ্রপ্রদেশের থেকে বাংলা অনেক বড় রাজ্য। আমাদের জনঘনত্ব এবং জেলাও অনেক বেশি। তা সত্ত্বেও বার বার কেন বঞ্চিত আমরা? আমি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সঙ্গে তুলনা করছি না। তারা আমাদের পড়শি রাজ্য। আপনি ওদের টাকা দিন, কোনও সমস্যা নেই। কিন্তু আপনি কি উত্তরপ্রদেশের সঙ্গে পুদুচেরির তুলনা করতে পারেন! বড়, মাঝারি ও ছোট রাজ্য রয়েছে। এগুলি নির্ভর করে আয়তন, জনঘনত্ব, ভৌগলিক অবস্থানের উপর।’
বৈঠকেও যে কেন্দ্রের এমন বৈষম্যের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মমতাজি আমরা পরে কথা বলব। এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে স্থির করা হয়। আমি আর কিছু বলিনি। আমার রাষ্ট্রবিজ্ঞানে কিছুটা জ্ঞান আছে। তবে এই বিজ্ঞান সম্পর্কে বুঝি না।’
কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা নিয়ে সরব হওয়ার পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে ‘যশ’ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর আর্জি, ‘অযথা আতঙ্কিত হবেন না। তবে সতর্ক থাকতে হবে। জানলা দিয়ে উঁকিঝুঁকি নয়। ঝড়ে টিন উড়ে আসতে পারে। আগের বার যেমন অভিযোগ সামনে এসেছিল, এবার সিইএসসি আরও তৎপর। কেন্দ্রীয় বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত। আমরা তৈরি আছি। জনগণের জন্য যতটা তৈরি থাকা প্রয়োজন, আমরা তৈরি।’ আম্ফানের মতোই ‘যশ’ মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, সরকারি, বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার ও রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঝড় থেমে যাবে। তারপরে আমরা সবাই মিলে কাঁধে-কাঁধ দিয়ে লড়াই করে ঘুরে দাঁড়াব।’
রাজ্যে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। সে কথা মাথায় রেখে সবাইকে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলাকালীন কোভিড বিধি মেনে চলার এবং মুখে মাস্ক পরে থাকারও অনুরোধ জানিয়েছেন মমতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…