খবর লাইভ : নারদকাণ্ডে গ্রেফতার ফিরহাদ হাকিম- সুব্রত মুখোপাধ্যায়- মদন মিত্র- শোভন চট্টোপাধ্যায়দের জেল মুক্তি ঘটবে নাকি আপাতত জেল হেফাজতেই থাকতে হবে, বুধবারই সেই ফয়সালা হতে পারে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার জোড়া শুনানি রয়েছে। সিবিআই যেমন রাজ্য থেকে মামলা অন্যত্র স্থানান্তরের আর্জি জানিয়েছে, তেমনই নিম্ন আদালতের জামিনের উপরে স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ধৃত চার নেতা-মন্ত্রী। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট কী ফয়সালা দেয়, সেদিকে তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল।
বুধবার আইনি লড়াইয়ে যেমন সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতার লড়ার কথা, তেমনই ধৃতদের পক্ষ থেকে লড়ার কথা অভিষেক মনু সিঙ্ঘভি ও সিদ্ধার্থ লুথরার মতো দুঁদে আইনজীবীর। ফলে এক রুদ্ধশ্বাসকর আইনি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে কলকাতা হাইকোর্ট। আইনজীবীরা অবশ্য মনে করছেন, যুযুধান দু’পক্ষের আইনি লড়াই শীর্ষ আদালত পর্যন্ত গড়ানো শুধু সময়ের অপেক্ষা। সিবিআই বনাম তৃণমূলের নেতা-মন্ত্রীদের মধ্যে শুরু হওয়া আইনি লড়াইয়ের মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অস্বস্তি বাড়িয়ে নারদ মামলায় চার জন গ্রেফতার হলেও, বাকিরা গ্রেফতার নয় কেন? বিশেষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়, সেই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।
গত সোমবার আচমকাই নারদ কাণ্ডের তদন্তের নাটকীয় মোড় নেয়। ওইদিন সাতসকালেই অতি সক্রিয় হয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কার্যত গায়ের জোরে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন দুই মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়দের বাড়ি থেকে তুলে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে গ্রেফতার করে সিবিআই। সন্ধ্যায় সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় ৫০ হাজার টাকার বিনিময়ে চার জনকে অন্তর্বর্তী জামিন দিলেও হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দেয়।
কলকাসতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ জামিনের উপরে স্থগিতাদেশ দিয়ে বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ফলে ওই দিন রাতেই ধৃত চার জনকে নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার ভোরে জেলে থাকাকালীন শ্বাসকষ্ট দেখা দেয় মদন মিত্রের। ঝুঁকি না নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। অক্সিজেনও দেওয়া হয়। অসুস্থ বোধ করায় শোভনকেও ভর্তি করানো হয় হাসপাতালে। দুপুরে রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। শ্বাসকষ্টের সমস্যার জন্য নেবুলাইজার দেওয়া হয়েছে তাঁকে। তিন দাপুটে নেতার বয়সজনিত অসুস্থতার কথা মাথায় রেখে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে তিন সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তিন নেতারই কোভিড পরীক্ষা করা হয়েছে।
এসএসকেএমের সুপার পীযূষকুমার রায় জানিয়েছেন, মেডিকেল বোর্ডে হৃদরোগ বিশেষজ্ঞ ছাড়াও মেডিসিন এবং চেস্ট বিভাগের দুই প্রধানকে রাখা হয়েছে। আপাতত এঁরাই তিন নেতার চিকিৎসার দায়িত্বে থাকবেন। তবে প্রয়োজনে বোর্ডের সদস্য বাড়ানোও হতে পারে।
তবে আর এক ধৃত তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য প্রেসিডেন্সি জেলেই রয়েছেন। হেভিওয়েট নেতা ও দাপুটে মন্ত্রী হওয়া সত্ত্বেও বাড়তি কোনও সুবিধা নেননি তিনি। সকালে জেলের বিশেষ সেলের কাছে পায়চারি করার পাশাপাশি সংবাদপত্রেও চোখ রাখেন। দুপুরে বাড়ি থেকে বিশেষ খাবারও এসেছিল তাঁর জন্য। যদিও সেই খাবার খাননি তিনি। বরং জেলের সাধারণ বন্দিদের জন্য দেওয়া খাবার খেয়েছেন তিনি। জেল হাসপাতালের চিকিৎসকরা বেশ কয়েকবার তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবরও নেন।
অন্যদিকে, ধৃত চার নেতাকে জেলের চার দেওয়ালের মধ্য থেকে দ্রুত বের করে আনতে সবরকমের চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবারই শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়া হবে। পরে সিদ্ধান্ত বদল করা হয়। পরিবর্তে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে জামিন স্থগিতাদেশের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় চার নেতার পক্ষ থেকেই। সেই আর্জি গ্রহণ করে প্রধান বিচারপতি জানিয়ে দেন, বুধবার সিবিআইয়ের আর্জি নিয়ে মামলার শুনানির সময়ে চার নেতার আর্জির শুনানি চলবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…