অস্ট্রিয়ার পাশে থাকার বার্তা দিয়ে ট্যুইট মোদির

খবর লাইভ : ফের জঙ্গি হামলা। এবার জঙ্গিদের নিশানায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। সেখানে এক ইহুদি উপাসনালয়ের অদূরে পরপর ৬ জায়গায় হামলা চালানো হয়। সোমবার রাতের এই ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত অন্ততপক্ষে ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।
এই হামলার ঘটনার তীব্র নিন্দা করে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহেমার বলেন, ‘অস্ট্রিয়ার ইতিহাসে এটি একটি কঠিন দিন।’ ইহুদি উপাসনালয়কেই জঙ্গিরা টার্গেট করেছিল কিনা তা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন ভিয়েনার ইহুদি সম্প্রদায়ের প্রেসিডেন্ট অস্কার ডয়েস। তবে একটি সিনেগগের সামনেই প্রথম হামলা হয় বলেও জানিয়েছেন তিনি। এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অস্ট্রিয়ার পাশে থাকার বার্তা দিয়ে ট্যুইটারে তিনি লিখেছেন, ‘জঙ্গি হামলার ওই ঘটনায় আমি শোকস্তব্ধ। এই কঠিন সময়ে ভারত অস্ট্রিয়ার পাশে রয়েছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত আটটা নাগাদ শহরের কেন্দ্রে একটি ইহুদি উপাসনালয়ের সামনে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভিড় বারে অটোমেটিক রাইফেল থেকে অন্তত ৫০ রাউন্ড গুলি চালায় ২ আততায়ী। তাদের গুলিতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এরপর পুলিশ এক হামলাকারীকে গুলি করে মেরেছে। আরেকজন পলাতক। হামলাকারীরা মুখোশ পরেই গুলি চালায় বলে অস্ট্রিয়ার এক বেসরকারি চ্যানেল জানিয়েছে। ফলে হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। তবে তাদের খোঁজে চলছে জোর তল্লাশি। সিল করে দেওয়া হয়েছে গোটা সেন্ট্রাল ভিয়েনা। হামলাকারীরা কোনও জঙ্গি দলের সদস্য কিনা তাও স্পষ্ট নয়। তবে অস্ট্রিয়া সরকারের তরফে এটি জঙ্গি হামলা বলেই দাবি জানানো হয়েছে।
এই হামলার পিছনে আইএস জঙ্গিগোষ্ঠী থাকতে পারে বলে মনে করছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহেমার। তিনি জানিয়েছেন, মাস্ক পরিহিত যে ব্যক্তিকে জঙ্গি সন্দেহে পুলিশ গুলি করে মারে তার সঙ্গে আইএস-এর যোগ থাকতে পারে। পুলিশ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সেনাকেও ডাকা হচ্ছে।



