২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। শনিবারই কলকাতায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ৪৬ শতাংশ ভোট ও সরকার গড়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের ‘বঞ্চনা’র অভিযোগ তুলে শা জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গ প্রাপ্য থেকে এক টাকাও কম পাবে না। শা’র এই মন্তব্যের পরদিন বাজেটে উত্তরবঙ্গের চা শিল্প বা পরিকাঠামো নিয়ে কোনও বিশেষ চমক থাকে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল কৌতূহল।
রাজ্য সরকার বারংবার কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রাখার অর্থাৎ ‘বঞ্চনা’র অভিযোগ তুলে আসছে। এই আবহে বাংলাকে বিশেষ প্যাকেজ, রেল প্রকল্পের সম্প্রসারণ বা নতুন কোনও মেট্রো করিডরের ‘উপহার’ দিয়ে মোদি সরকার ভোটারদের মন জয় করতে চায় কি না, সেটাই দেখার।
তবে কেবল পশ্চিমবঙ্গ নয়, ভোট রয়েছে কেরল, তামিলনাড়ু এবং অসমেও। কিন্তু গত দুই অর্থবর্ষে যেভাবে ‘বিহার-কেন্দ্রিক’ বাজেট দেখা গিয়েছিল, এবার বাংলার ক্ষেত্রে তার প্রতিফলন ঘটে কি না, তার উত্তর মিলবে আজ নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের বাজেট হতে পারে বিজেপির নির্বাচনি প্রতিশ্রুতির এক আগাম মহড়া।