খবর লাইভ : বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা বাড়ছে। নতুন দল গঠন করে চমক দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর। এবার সেই হুমায়ুনের সঙ্গে নিউটাউনের হোটেলে মুখোমুখি বৈঠকে বসলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
কলকাতায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। বুধবার বেশি রাতে নিউ টাউনের একটি হোটেলে প্রায় ঘণ্টার দেড়েকের বেশি তাঁদের বৈঠক হয়েছে। বৈঠক শেষে হুমায়ুন বেরিয়ে জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম- আইএসএফ-এর সঙ্গে তিনি জোট করে লড়়তে চান। তা নিয়েই সেলিমের সঙ্গে কথা হয়েছে। জোটের বিষয়ে নওশাদ সিদ্দিকির দলের সঙ্গে আলোচনার ভার সিপিএমের উপরেই ছেড়েছেন হুমায়ুন। তবে এই আলোচনা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলে দিতে নারাজ সিপিএম।
হুমায়ুন নিউটাউন থেকে বলেন, মহম্মদ সেলিমের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে আমরা জোট করে লড়ব কি না, সে বিষয়ে কথা বলেছি। আইএসএফ-এর সঙ্গে কথা বলার বিষয়টি ওঁদের উপরেই ছাড়তে চাই। কংগ্রেস নিয়ে আমার কোনও বক্তব্য নেই। তাঁরা কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আছে বলে আমার মনে হয় না।
কয়েকদিনের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে বলে জানান হুমায়ুন। এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও বামেদের আলোচনা হয়েছে আলিমুদ্দিনে। উল্লেখ্য, কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু করা হুমায়ুন কবীর তৃণমূল-বিজেপির হাত ধরে রাজনীতি করেছেন ভোটেও লড়েছেন। এবার জোটের স্বার্থে সিপিএমের হাত ধরবেন? কিছুদিনের মধ্যেই হয়ত সেটা স্পষ্ট হয়ে যাবে। যদি সত্যিই এই জোট হয় সে ক্ষেত্রে এই জোট যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াবে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।




