খবর লাইভ : হাড়োয়া ব্লকের গোপালপুর-পুকুরিয়া গ্রামে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহজাহান বিশ্বাসের বিরুদ্ধে আবাস যোজনা প্রকল্পের ঘর বন্টনে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, বাড়ি পাওয়ার জন্য তারা লাখ লাখ টাকা খরচ করেছেন। কিন্তু অনেকের বাড়ি পর্যন্ত মেলেনি।
অভিযোগকারী গ্রামবাসীরা জানাচ্ছেন, শাহজাহান দীর্ঘদিন ধরে “হাড়োয়া মডেল” তৈরি করেছেন । যেখানে প্রকল্পের ঘরের বরাদ্দ পেতে হলে তার কাছ থেকে মধ্যস্থতা হিসেবে কাটমানি দিতে হবে। যারা টাকা দেন, তাদের নামে সরকারি ঘর আসে। কিন্তু যারা দিতে পারেন না, তাদের বরাদ্দ ঘর অন্য কাউকে বেশি দামে বিক্রি করে দেওয়া হয়, এমন অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শাহজাহান এসব অভিযোগ অস্বীকার করেছেন। টিভি ৯ বাংলার সঙ্গে যোগাযোগে তিনি বলেছেন, এগুলোর কোনও বাস্তবতা নেই। যারা অভিযোগ করেছে, তাদের কথা ভিত্তিহীন।
এদিকে, গ্রামবাসীরা হাল ছাড়েনি । তারা হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন অফিসার (বিজিডিও)-এর দফতরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, সরকারি প্রকল্পের মূল্যবান অর্থ এমনভাবে আত্মসাৎ করা হচ্ছে যা সাধারণ দরিদ্র মানুষের।
রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে, বসিরহাট জেলা বিজেপি যুব সভাপতি পলাশ সরকার তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে কড়া ভাষায় মুখ খোলেন। তিনি বলেন, কেন্দ্র থেকে পাঠানো গরীবের জন্য বরাদ্দফান্ড তারা লুঠ করছে। যোগ্যদের না দিয়ে অযোগ্যদের দিচ্ছে তারা। এটা স্পষ্ট দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির চিত্র।
এই ঘটনা রাজনৈতিক ও সামাজিক প্রশ্ন তুলেছে। বিশেষ করে যখন সরকারি আবাস যোজনার মতো প্রকল্প গরীবদের উন্নয়নে কাজ করার কথা বলা হয়।




