খবর লাইভ : কাশ্মীর উপত্যকায় ফের সক্রিয় ভারতীয় সেনা। ‘অপারেশন মহাদেব’-এর পর এবার শুরু হয়েছে নতুন অভিযান ‘অপারেশন অখল’। কুলগামের অখল গ্রামে জঙ্গি উপস্থিতির গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করেছে চিনার কোরের জওয়ানরা। সেনা জানিয়েছে, গুলির লড়াইয়ে ইতিমধ্যেই এক জঙ্গি নিহত হয়েছে। এখনও অভিযান জারি রয়েছে।
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার অখল গ্রামে শুক্রবার রাত থেকে শুরু হয় সেনা তল্লাশি অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা জঙ্গিদের অবস্থান নিশ্চিত করে। এরপরই শুরু হয় অভিযান। সংঘর্ষে জঙ্গিরা প্রথমে গুলি চালায়, পাল্টা জবাব দেয় সেনাও। সেনার পক্ষ থেকে শনিবার সকালে জানানো হয়েছে, রাতভর গুলির লড়াই চলেছে। আমাদের জওয়ানরা সতর্কতার সঙ্গে জবাব দিয়েছেন। এখনও অভিযান চলছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
অখল গ্রাম কুলগাম শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। সেনার দাবি, এখানে একাধিক জঙ্গি লুকিয়ে ছিল। সংঘর্ষে নিহত জঙ্গির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনার তদন্তে উঠে আসে পাকিস্তানঘেঁষা তিন জঙ্গির নাম সুলেমন ওরফে আসিফ, জিব্রান ও হামজা আফগানি। পরে সেনা ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে তিন জনকেই খতম করে।
সেই ঘটনার কিছুদিনের মধ্যেই কুলগামে নতুন করে ‘অপারেশন অখল’ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেনার উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এলাকা ঘিরে রাখা হবে। আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলেই সন্দেহ।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের লাগাতার অভিযান কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ দমনে সেনার কড়া অবস্থানেরই প্রমাণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…