খবর লাইভ : বহু বছর ধরে চলা কূটনৈতিক ও আইনি লড়াইয়ের পর ভারতীয় তরুণী নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড খারিজ হয়েছে বলে যে দাবি সামনে এসেছিল, তা ভুল বলে জানিয়েছে সরকারি সূত্র। একাধিক সংবাদমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছিল, ভারতের সুন্নি সম্প্রদায়ের ধর্মীয় নেতা কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার দফতর থেকে জানানো হয়েছে যে, ইয়েমেনের আদালত নিমিশার মৃত্যুদণ্ডের সাজা বাতিল করেছে। তবে সেই দাবিকে ভিত্তিহীন বলছে ভারত সরকারের ঘনিষ্ঠ মহল।
সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ইয়েমেনে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড এখনও বহাল রয়েছে। সাজা বাতিল হওয়ার বিষয়ে যে সমস্ত খবর প্রকাশ পেয়েছে, তা পুরোপুরি ভুয়ো এবং বিভ্রান্তিকর।
আবুবকর মুসলিয়ার দফতর দাবি করেছিল, গত ১৬ জুলাই ইয়েমেনে এক উচ্চপর্যায়ের বৈঠকে নিমিশার মৃত্যুদণ্ড প্রথমে স্থগিত এবং পরে বাতিল করা হয়েছে। যদিও তারাও স্বীকার করেছে যে ইয়েমেন বা ভারত কোনও দেশের সরকারই এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
নিমিশা প্রিয়া, কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা, ২০০৮ সাল থেকে ইয়েমেনে একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তিনি তালাল আবদো মেহদি নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে গ্রেফতার হন। জানা যায়, পাসপোর্ট আটকে রেখে দেশে ফিরতে না দেওয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে, ঘুমের ওষুধের ওভারডোজ দিয়ে তালালকে অজ্ঞান করার চেষ্টা করেন তিনি। কিন্তু ওষুধের অতিরিক্ত মাত্রায় মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে দেহ লোপাট করতে গিয়ে আরও এক ব্যক্তির সহায়তায় দেহ টুকরো করে জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখেন তিনি। পালানোর চেষ্টা করলেও ধরা পড়েন সীমান্তে।
এরপর ২০১৮ সালে ইয়েমেনের আদালত নিমিশাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। সেই থেকে শুরু হয় তার প্রাণরক্ষার জন্য দীর্ঘ লড়াই। কূটনৈতিক স্তরে বহু চেষ্টা করেও এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত ফল মেলেনি। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনও প্রত্যাখ্যান করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমি।
এমন পরিস্থিতিতে একমাত্র বিকল্প হিসেবে দেখা যায় ‘ব্লাড মানি’ বা রক্তমূল্যের মাধ্যমে মৃত্যুদণ্ড রদ করার পথ। কিন্তু মৃত তালালের পরিবার, বিশেষ করে তাঁর ভাই আবদুল মেহেদি শুরু থেকেই আর্থিক ক্ষতিপূরণ নিতে নারাজ ছিলেন।
এই জটিল অবস্থার মাঝেই আবুবকর মুসলিয়ার নেতৃত্বে ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার খবর সামনে আসে। যদিও বাস্তবিকভাবে এখন পর্যন্ত কোনও আইনি বা কূটনৈতিক সমাধান হয়নি।
নিমিশার মা প্রেমা কুমারী ও তাঁর পরিবার এখনও আশায় বুক বেঁধে আছেন। ভারত সরকারও আন্তর্জাতিক স্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে মৃত্যুদণ্ড খারিজের খবরকে আপাতত গুজব হিসেবেই দেখা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…