খবর লাইভ : বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে উৎসবের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের, আহত অন্তত ৩৩। বুধবার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল জয়ের আনন্দে লক্ষাধিক মানুষ জমায়েত হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভিড় সামলাতে না পেরে স্টেডিয়ামের গেট ভেঙে পড়ে, সৃষ্টি হয় হুড়োহুড়ির। ঘটনার পর কর্নাটক হাইকোর্ট স্বতঃপ্রবৃত্তভাবে বিষয়টি নিয়ে মামলা গ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
বেঙ্গালুরুর বিভিন্ন থানায় এই ঘটনায় ইতিমধ্যে ১১টি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে, যদিও কোনো এফআইআরে নির্দিষ্ট কারও নাম নেই। তবে সমাজকর্মী স্নেহময়ী কৃষ্ণ কাব্বন পার্ক থানায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে পৃথক একটি এফআইআর করেছেন।
স্টেডিয়ামের ধারণক্ষমতা যেখানে ৩৩ হাজার, সেখানে প্রায় ২ লক্ষ মানুষ উপস্থিত হন বলে অভিযোগ। ভিড় সামাল দিতে না পেরে ভেঙে পড়ে স্টেডিয়ামের প্রবেশদ্বার। উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা ভাবিনি এত মানুষ এসে যাবে। গেট ভেঙে যায়। আমরা ক্ষমা চাইছি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।”
মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের কথা ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আইনি প্রক্রিয়া ও তদন্তের দিকে এখন নজর গোটা রাজ্যের। কর্নাটক হাইকোর্টের পরবর্তী পদক্ষেপে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…