খবর লাইভ : বড় ছেলে তেজপ্রতাপকে নিয়ে অতিষ্ট বিহারের যাদব পরিবার। এবার সহ্যের সীমা অতিক্রম করতেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) থেকে তেজপ্রতাপকে বহিষ্কার করলেন দলের পৃষ্ঠপোষক লালুপ্রসাদ যাদব। ছয় বছরের জন্য দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং পারিবারিক মূল্যবোধ এবং জনসাধারণের শিষ্টাচার থেকে বিচ্যুতির কারণেই এই কঠোর পদক্ষেপ করা হল বলে জানানো হয়েছে।
শনিবারই লালুপ্রসাদ যাদবের বড় ছেলে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি অনুষ্কা যাদবের সঙ্গে তাঁর দীর্ঘস্থায়ী সম্পর্কের ঘোষণা করেছিলেন। বলেছিলেন যে, তাঁরা গত ১২ বছর ধরে প্রেম এবং সম্পর্কের মধ্যে রয়েছে।
এই সোশ্যাল মিডিয়া পোস্টে ঘিরে হইহই পড়ে যায়। তার একদিনের মধ্যেই ছেলেক দল থেকে বার করে দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লালু বলেছেন যে, ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করা সামাজিক ন্যায়বিচারের জন্য দলের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে তোলে। তেজপ্রতাপের আচরণ পারিবারিক মূল্যবোধ বা ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না।
হিন্দিতে লেখা একটি পোস্টে লালু যাদব বলেছেন, “ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করা সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে তোলে। জ্যেষ্ঠ পুত্রের কার্যকলাপ, জনসাধারণের আচরণ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতএব, উপরোক্ত পরিস্থিতির কারণে, আমি তাঁকে দল এবং পরিবার থেকে অপসারণ করছি। এখন থেকে, দল এবং পরিবারে তাঁর কোনও ভূমিকা থাকবে না। তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল।”




