পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ মে সকাল সাড়ে ৬টা নাগাদ আজাদ শেখ নামের ওই ব্যক্তি কলকাতার সদানন্দ রোডে গাড়ি নিয়ে ধাক্কা মারেন নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাসকে। এই ঘটনায় অভিযুক্ত আজাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই পুলিশকর্মী। তাঁর বাঁ পা ভেঙে যায় এবং মুখ ও হাতের কব্জিতেও চোট লাগে। তাঁকে প্রথমে এসএসকেএম, পরে কলকাতার অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছিল, বছর একচল্লিশের ওই ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। কিন্তু তাঁর কিছু নথি খতিয়ে দেখে সন্দেহ হয় পুলিশের। দেখা যায় অধিকাংশ নথিই জাল। পুলিশের কাছে দেওয়া বয়ানেও মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। পরবর্তী পুলিশি তদন্তে উঠে আসে যে, ওই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক। আগেই গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় কালীঘাট থানা। আজাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।