খবর লাইভ : ভারতীয় সেনার গর্ব, ‘অপারেশন সিঁদুর’-এর মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবার সরব হল তাঁর পরিবার। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের মন্তব্যকে “ক্ষমার অযোগ্য” বলে উল্লেখ করে অবিলম্বে তাঁকে অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি আবেদন জানিয়েছে কর্নেল কুরেশির পরিবার।
সেনাবাহিনীর তরফে ৭ মে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর সাংবাদিক সম্মেলনে মুখ্য ভূমিকায় ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। কিন্তু এর পরপরই, সোফিয়ার ধর্মীয় পরিচয় ঘিরে কটাক্ষ করেন মধ্যপ্রদেশের জনজাতি উন্নয়ন দফতরের মন্ত্রী বিজয় শাহ। তিনি নাম না করেই বলেন, “জঙ্গিরা আমাদের হিন্দু ভাইদের ধর্ম জানতে চেয়ে খুন করেছে, আর মোদিজি জঙ্গিদের সম্প্রদায়ের বোনকে ওদের ঘরে পাঠিয়ে দিয়েছেন শাস্তি দিতে।”
এই মন্তব্যে সরব হয় বিভিন্ন মহল। সোফিয়ার ভাই বান্টি সুলেমান বলেন, “সোফিয়া শুধু আমাদের বোন নয়, গোটা দেশের গর্ব, ভারতীয় সেনার সাহসী কন্যা। তাঁকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়।” পরিবারের দাবি, এই মন্তব্য শুধুমাত্র একটি ধর্মকে নয়, গোটা ভারতীয় সেনাকে অপমান করে।
সোফিয়ার পরিবার শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও লিখিতভাবে আবেদন জানিয়েছেন, যেন অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রীত্ব থেকে অপসারণ করা হয়।
এদিকে, সুপ্রিম কোর্টও বিজয় শাহের মন্তব্যকে তিরস্কার করেছে। তাঁর রক্ষাকবচ চেয়ে করা আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। যদিও মধ্যপ্রদেশ বিজেপির কয়েকজন নেতা কর্নেল কুরেশির পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছেন, মন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবু এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে প্রতিবাদ জানিয়ে, এক সেনা পরিবারের তরফে প্রশ্ন তোলা হল, “দেশের জন্য যিনি প্রাণপাত করেন, তাঁকেই কি অপমান করা হবে শুধু ধর্মের কারণে?” এই ঘটনার পর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সোফিয়ার পাশে দাঁড়াচ্ছেন। এখন দেখার, প্রধানমন্ত্রী কী পদক্ষেপ নেন দেশের সাহসী কন্যার সম্মান রক্ষায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…