খবর লাইভ : ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা ব্যবস্থা সম্প্রতি আরও জোরদার করা হয়েছে। ২০২৩ সালে তার নিরাপত্তা ‘ওয়াই’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছিল। এখন, নতুন করে দুটি বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করা হয়েছে এবং দিল্লির বাসভবনের বাইরের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।
সূত্রের মতে, এই পদক্ষেপের পিছনে রয়েছে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা। বিশেষ করে ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি দেখা গিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত চালায় “অপারেশন সিঁদুর”। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে <span;>জয়শঙ্কর<span;> হয়ে ওঠেন সম্ভাব্য লক্ষ্য। তাই তার নিরাপত্তা ঘিরে নেওয়া হয় এই কড়া পদক্ষেপ।
জানা গিয়েছে, গোয়েন্দাদের একাধিক সতর্কবার্তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু জয়শংকর নন, দিল্লিতে আরও ২৫ জন বিজেপি নেতা ও বিক্রম মিস্রির নিরাপত্তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।
গত মার্চে লন্ডনে খালিস্তানি চরমপন্থীদের মাধ্যমে জয়শঙ্করের উপর হামলার চেষ্টা হয়েছিল। সেখানে প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়, এবং পুলিশের উপস্থিতিতেও অপরাধীরা রেহাই পায়। এরপর থেকে ব্রিটেন ও কানাডায় খালিস্তানিদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ বেড়েছে।
বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিদেশমন্ত্রী তথা ভারতের প্রতিনিধিদের উপর হামলার সম্ভাবনা বেড়ে যাওয়ায়, ভারতের তরফে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন কূটনৈতিক মহল।




