খবর লাইভ : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে পাওয়া গিয়েছে। সোমবার সকালে সুরানকোটের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে ওই আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে পাঁচটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়েছে, যার মধ্যে তিনটি টিফিন বাক্সে এবং দুটি স্টিলের বালতিতে রাখা ছিল। এছাড়া, অস্ত্রশস্ত্র ও যোগাযোগের ডিভাইসও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
এই উদ্ধারকে নিরাপত্তা বাহিনী ‘বড় সাফল্য’ হিসেবে দেখছে, বিশেষ করে পহেলগাঁও হামলার পরবর্তী সময়ে। গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জন ভারতীয় নিহত হন। এই হামলার পর থেকেই গোটা উপত্যকায় জঙ্গি ও তাদের সহযোগীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিনে স্থানীয় জঙ্গিদের বেশ কয়েকজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সন্দেহভাজনদের আটক করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর এই সাফল্য উপত্যকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।




