খবর লাইভ : অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমায় বীর সূর্যবংশী ছিলেন জঙ্গিদমন শাখার সাহসী, অকুতোভয় এক অফিসার। তাঁর একটাই কাজ ছিল, শত্রুপক্ষকে দেখলেই মেরে দাও, গুঁড়িয়ে দাও।
আইপিএলের বৈভব সূর্যবংশীও কম যায় না। সে পুলিশ অফিসার নয়, ক্রিকেটার। তার সামনে শত্রুপক্ষ থাকে না, বল থাকে। বৈভব মাঠ দেখে না, বোলার দেখে না, ভয়ও পায় না। বল পেলেই তার কাজ হল, ব্যাট চালাও, উড়িয়ে দাও।
ওয়াশিংটন সুন্দরের বলটা এক্সট্রা কভারের উপরের দিয়ে বাউন্ডারির বাইরে পাঠানোর পর বাঁ হাত দিয়ে জার্সির পিঠে নিজের নামটা দেখাতে লাগল সে। ১১তম ওভারে রশিদ খানের বলটা মাঠের বাইরে পাঠিয়েই দে ছুট। হেলমেট খুলে দৌড় শুরু ডাগআউটের দিকে। শান্ত, ঠান্ডা মাথার বলে পরিচিত রাহুল দ্রাবিড়ও নিজেকে ধরে রাখতে পারলেন না। হুইলচেয়ারে বসেছিলেন। বৈভবের শতরান দাঁড় করিয়ে দিল তাঁকেও। সেই সঙ্গে দাঁড় করাল সওয়াই মানসিংহ স্টেডিয়ামের ৩০ হাজার জনতাকে, যাঁরা হয়তো রাজস্থানের আর একটা হার দেখবেন ভেবেই খেলা দেখতে এসেছিলেন!
আইপিএল পেয়ে গেল ১৪ বছরের এক প্রতিভাকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তার আগ্রাসী ইনিংস নজর কেড়ে নিয়েছে গোটা ক্রিকেটবিশ্বের। মাঠে তাকে দেখে সাহসী, অকুতোভয় যোদ্ধার মতোই লাগছিল। ম্যাচের পর কথা বলতে এসে যেন পাশের বাড়ির ছেলে।
বৈভবের লড়াইটা এত দিন শুধু মাঠে নয়, ছিল মাঠের বাইরেও। মহানিলামের দিন এক কোটি টাকা পাওয়ার পর থেকেই যে সমালোচকেরা দাঁত-নখ বাগিয়ে তেড়ে এসেছিলেন, তাঁদের চুপ করিয়ে দেওয়ার জন্য কিছু একটা দরকার ছিল। সোমবার সম্ভবত সেই অস্ত্রটা পেয়ে গেল বৈভব। বুঝিয়ে দিল, আইপিএলে দু’-এক ম্যাচের চমক নয়, সে এসেছে রাজত্ব করতেই।
অনেকেই আগামীতে তার তারকা হয়ে ওঠার সম্ভাবনা দেখেছিলেন। তা হঠাৎ করেই চুপসে যায় বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর। গাওস্কর, সহবাগেরা কটাক্ষ করে বলে দেন, কোটিপতি হয়ে মাথা ঘুরে গিয়েছে। সেটা যে নিছকই কথার কথা, সেটা বুঝিয়ে দিয়েছে বৈভব।
এত নজির, এত সম্মানের পরেও ম্যাচের পর কথা বলতে এসে শান্ত বৈভব। বলল, “খুব ভাল লাগছে। আইপিএলে তৃতীয় ইনিংস খেলতে নেমে প্রথম শতরান। গত তিন-চার মাসে যে কঠোর পরিশ্রম করেছিলাম তারই ফল এখন পাচ্ছি। আমি মাঠ বা বোলার দেখি না। স্রেফ বল দেখে খেলি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…