খবর লাইভ : আরজি করে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। তিনিই এই ঘটনায় মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাতারে আর এক সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসককে হুমকি দিলেন। তাও আরজি করের ইস্যুকে হাতিয়ার করে!
তিনি একেবারে সরাসরি এক মহিলা চিকিৎসককে বলেছেন, “আরজি করে কি হয়েছে জানেন তো? আপনার সঙ্গেও আর জি কর করে দেব!” এই ব্যক্তির নাম সুশান্ত রায়। তিনিও একজন সিভিক ভলান্টিয়ার। মদ্যপ অবস্থায় হাসপাতালে এসে তিনি মহিলা চিকিৎসককে এই ধরনের হুমকি দেন। সুশান্ত রায় নামে এই সিভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ।
শুক্রবার রাতে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। জানা যায়, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় সঞ্জয় রায় গ্রেফতার হয়েছেন। ঘটনাস্থলে তার ব্লুটুথ হেডফোনের অংশ এবং সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। একেবারে শহরের অন্যতম প্রসিদ্ধ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর।
বামপন্থী ছাত্রসংগঠনের তরফেও মিছিল নিয়ে আসা হয় আরজি করের সামনে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে আন্দোলনকারীদের। পাশাপাশি, আরজি করের পড়ুয়ারাও চান না, এই আন্দোলনে রাজনীতির রঙ লাগুক। ঘটনাস্থলে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা যান।
আরজি করের এই তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফাঁসির দাবি করেছেন। সঙ্গে এও বলেছেন, এই ধরনের ঘৃণ্য অপরাধের কোনও ক্ষমা নেই। চিকিৎসক এবং বিরোধী রাজনৈতিক দলের তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়। সেই বিষয়েও রাজ্য সরকারের আপত্তি নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।




