National Special News Special Reports

নিজামাবাদের স্কুলের মিড ডে মিলে দেওয়া হল লঙ্কা গুঁড়ো-ভাত!

0
(0)

খবর লাইভ : ছোট ছোট পড়ুয়ারা দুপুরবেলা স্কুলেরই বারান্দায় খেতে বসেছিল। তখন তাদের পাতে পড়ল শুধু লঙ্কার গুঁড়ো আর ভাত। সঙ্গে আর কিছুই নেই। মিড ডে মিলের এমন করুণ চিত্র দেখে উঠছে হাজারও প্রশ্ন। তেলঙ্গানার নিজ়ামাবাদের কোটাগ্রি মণ্ডলের কোঠাপল্লির গ্রামের এক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড়। শুক্রবার পড়ুয়াদের পাতে শুধুমাত্র লঙ্কার গুঁড়ো মাখা ভাত দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবস্থা নিতে আসরে নেমেছে জেলা শিক্ষা আধিকারিক। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। ওই উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৩০ জন পড়ুয়া পড়াশোনা করে।

আগেও বহুবার মিড ডে মিল নিয়ে অভিযোগ উঠেছে। কখনও শিশুদের দেওয়া খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছে, কখনও আবার উঠেছে বেনিয়মের অভিযোগ। এবার নতুন সংযোজন তেলঙ্গানার নিজ়ামাদের কোঠাপল্লি গ্রামের ঘটনা। নিজ়ামাবাদের ডিইও এন দুর্গাপ্রসাদ, মণ্ডল শিক্ষা আধিকারিক (এমইও) অন্যান্য আধিকারিকদের সঙ্গে রবিবার কোঠাপল্লির ওই স্কুল পরিদর্শন করেন।

ওই স্কুলেরই এক শিক্ষক এম কিষাণ জানান, শুক্রবার প্রথমে মিড ডে মিলের খাবার চেখে দেখেই কিছু পড়ুয়া তা ফেলে রেখে উঠে যায়। ভাতের সঙ্গে পরিবেশন করা ডালের কোনও স্বাদই ছিল না। বিষয়টি তারা শিক্ষকদের জানিয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গ্রামের দুই বাসিন্দাও। পরের দিকে বাকি পড়ুয়ারা খেতে বসলে তাদের পাতে লঙ্কার গুঁড়ো মাখা ভাতের সঙ্গে কাঁচা তেল দেওয়া হয়।

শনিবার কয়েকজন অভিভাবক স্কুলে এসে মিড ডে মিল প্রস্তুতকারক সংস্থার কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান। তাঁরা অভিযোগ করেন, লঙ্কার গুঁড়ো মেশানো ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তাঁদের সন্তানেরা। বাড়ি ফিরতেই পেটে ব্যথা শুরু হয় তাদের। ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বাচ্চাদের খাবারে যে লঙ্কার গুঁড়ো মেশানো ভাত পরিবেশন করা হয়েছে তা মেনে নিয়েছেন মিড ডে মিল প্রস্তুতকারক সংস্থার কর্মী সুশীলা। তিনি জানিয়েছেন, ওই দিন শিশুদের খাবারের পরিবেশিত ডাল অতিমাত্রায় সেদ্ধ হয়ে যাওয়ার কারণে বিস্বাদ হয়ে গিয়েছিল। বাচ্চারা তা খেতে চাইছিল না। পড়ুয়াদের অনুরোধেই পরে ভাতের সঙ্গে কাঁচা তেল ও লঙ্কার গুঁড়ো দেওয়া হয়।

ডিইও বলেন, বলেন, ‘খাবারের মানের সঙ্গে আপস না করার জন্য মিড ডে মিল প্রস্তুতকারক সংস্থাকে সতর্ক করা হয়েছে। ভুলের পুনরাবৃত্তি হলে নয়া সংস্থার হাতে মিড ডে মিল প্রস্তুতের দায়িত্ব তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *