খবর লাইভ : বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দেদার লুটপাট চালাল আন্দোলনকারীরা। সোমবার হাসিনা সরকারের পতনের পর, ওই দফতরে এক বার আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার ফের সেখানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার দুপুর থেকে আওয়ামী লীগের দফতরে রীতিমতো লুটপাট শুরু হয়েছে। যার যা ইচ্ছা, হাতের কাছে যা পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছেন। ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয় হিসাবে নতুন করে ১০ তলা ভবন তৈরি করা হয়েছিল। ২০২৩ সালে সেই নতুন দফতরের উদ্বোধন করেন স্বয়ং হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে হাসিনা দেশ ছেড়েছেন সোমবার।
দুপুরের দিকে লোকজন দফতরে ঢুকে পড়ে। হাতের কাছে যে যা পেয়েছেন তুলে নিয়ে গিয়েছেন। কেউ চেয়ার-টেবিল নিয়ে গিয়েছেন। কেউ কেউ আবার শৌচাগার থেকে কমোড খুলে নিয়ে গিয়েছেন মাথায় করে।জানা গিয়েছে, আওয়ামী লীগের দফতরে লুটপাট চালাচ্ছেন যাঁরা, তাঁদের কেউ বিরোধী দলের কর্মী-সমর্থক, কেউ আবার স্থানীয় বাসিন্দা। তারা লুটপাটের সময় দেশের প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উগরে দিচ্ছেন। কারও বক্তব্য, বিরোধী দলের সমর্থক হওয়ায় তাদের উপর অত্যাচার করা হয়েছে। কেউ আবার বলছেন, শাসকদলের কাছ থেকে প্রয়োজনে সুযোগ-সুবিধা পাননি। সব মিলিয়ে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে।পুলিশ কর্মীরা কর্ম বিরতিতে চলে যাওয়ায়, কোনও আইনের শাসন নেই বললেই চলে।




