খবর লাইভ : তৃতীয়বারের সরকারের প্রথম বছরের বর্ষপূর্তিতেই প্রায় ২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা দিল রাজ্যের নারী ও সমাজ কল্যাণ দফতর। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তা তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠান থেকেই বিজেপি সহ বিরোধীদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্য়মন্ত্রীর কথায়, ”আজ এক বছর বাদে গর্বের সঙ্গে আমরা বলতে পারি, প্রতিশ্রুতি দেওয়া প্রতিটা প্রকল্প কার্যকর করেছি। অন্যরা যারা বলে তারা করে না। শুধু কুৎসা করে। গতমাসেই বিশ্ব বাংলা শিল্প সম্মেলন থেকে ৫ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। আজ আমি আরও ২০ লক্ষ মা-বোনেদের সেই টাকা দিলাম।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, ”লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদের অধিকার। আজ যারা সরকারের সমালোচনা শুরু করেন, শুধু মেয়েদের অপমান করেন। অশালীন কথা বলেন। ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে ব্যাবস্থা নেওয়ার কথা বলেছি আমি। পুলিশকে নির্দেশ দেওয়া আছে। এটা মধ্যপ্রদেশ, ইউপি নয়, এটা বাংলা। অন্যায় করলে এখানে শাস্তি হয়।”



