আগামী ২০ ও ২১ এপ্রিল নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর আসর। তাতে হাজির থাকার কথা দেশের প্রথম সারির শিল্পপতিদের। এ বার বাংলায় বিনিয়োগের লক্ষ্যে বাণিজ্য সম্মেলনে বিশাল প্রতিনিধিদল আসছে সাগরপার থেকে। সূত্রের খবর, ইংল্যান্ডের ৪৯ জন শিল্পপতি ও শিল্পকর্তাদের মিলিত দল হাজির থাকবে সম্মেলনে।এ বার বিজিবিএসে ব্রিটেন থেকে মস্ত বাণিজ্য প্রতিনিধিদলের আসার খবর পাওয়া গেল। মূলত, বাংলায় বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি বাংলার শিল্পমহলের সঙ্গেও মুখোমুখি আলোচনা সারার কথা ব্রিটেনের শিল্পপতিদের।
২০ এপ্রিল, বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এ বারের সম্মেলনে আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি, রিলায়্যান্সের মুকেশ অম্বানীর অংশগ্রহণ কার্যত নিশ্চিত। এ ছাড়াও হাজির থাকবেন দেশ বিদেশের বহু শিল্পপতি।




