খবর লাইভ :এবারও নববর্ষের আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর কুুশল কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রতিবছরই তিনি পুজো দিতে আসেন এই সময়। এবারও সময় করে পুজো দিলেন বৃহস্পতিবার সন্ধ্যায়।বাংলার মানুষের জন্যে পুজো দিয়েছেন বলে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি সকলের সুস্থতা কামনা করেছেন। এদিন কালীঘাটের স্কাইওয়াকের কাজ নিয়েও কথা বলেন তিনি। দেখে নেন সংস্কার হতে চলা একাধিক স্থান।
বৃহস্পতিবার পৌনে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী। তার পর কালীঘাটে স্কাইওয়াকের কাজ কতদূর এগোল, তার খোঁজ নেন। এছাড়াও অন্য যে সব জায়গায় সংস্কারের কাজ চলছে তারও খোঁজ নেন।
৩০০ কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক (Skyway) তৈরি হচ্ছে কালীঘাটে। তা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, দক্ষিণেশ্বরের মতো এখানেও স্কাইওয়াক হবে। তবে হকারদের চিন্তার কিছু নেই। কিছুদিনের জন্য সরতে হবে। সবার জন্য ব্যবস্থা করা হবে।” তিনি আরও বলেন, কাউকে উচ্ছেদ করা হবে না। তাই চিন্তার কিছু নেই। হকারদের জন্য হাজরা পার্কে স্টল করে দেওয়া হবে। আস্তে আস্তে ফিরবে হকাররা।




